- প্রথম অধ্যায়: তিন প্রতিবন্ধী স্ত্রী
- দ্বিতীয় অধ্যায়: তিন সাবেক হিরোইনের সংসার
- তৃতীয় অধ্যায়: সিস্টেম জাগরণ!
- চতুর্থ অধ্যায়:
- পঞ্চম অধ্যায়: অগ্নিদানব রক্তধারা
- ষষ্ঠ অধ্যায়: আরেকটি বিপর্যয়
- সপ্তম অধ্যায়: ফুড-স্মিথ: নবিস চূড়া
- অষ্টম অধ্যায়: মেয়েদের আবদার মেটানো
- নবম অধ্যায়: সেলিনের জন্য স্মার্ট গ্লাস
- দশম অধ্যায়: প্রতিদান!!!
ঘরের ভেতরের আবহটা আজ আগের দিনের সেই হাড়কাঁপানো হতাশার চেয়ে একদমই আলাদা।
বহু বছর পর ডেক্সটারের বুকের ভেতর এক গভীর, নির্মল আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে।
রান্নাঘরে ঘুরতে ঘুরতে মৃদু সুরে গুনগুন করছিল সে। কিছুক্ষণ আগেই নিজের ফোনে ইন্টারনেট ঘেঁটে এমন কিছু পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবারের রেসিপি খুঁজে বের করেছে, যা শারীরিক শক্তি ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত মেরিডিয়ানগুলোকে ধীরে ধীরে শান্ত করতে সাহায্য করবে।
সব ভেবেচিন্তে সে মুরগির মাংস আর বুনো ভেষজ দিয়ে মৃদু আঁচে তৈরি করা এক বিশেষ ঝোলের রেসিপি বেছে নিয়েছে। খুব যত্ন করে কুচিয়ে নিয়েছে তাজা আদা, পারিবারিক উপহারের বাক্সে পাওয়া শুকনো জিনসেংয়ের মূল আর সতেজ পেঁয়াজকলি। সকালে কিনে আনা এক কাপ মুক্তাচাল ভালো করে ধুয়ে মাটির হাঁড়িতে মৃদু আঁচে ফুটিয়ে নিয়েছে, যতক্ষণ না চালগুলো নরম হয়ে গলে গিয়ে ঘন, আরামদায়ক এক সুবাস ছড়াতে শুরু করে; তারপর তাতে মিশিয়ে দিয়েছে কুচানো মাশরুম আর নরম, ঝুরি করা মুরগির মাংস।
খাবারটা দেখতে নেহাতই সাধারণ, কিন্তু পুষ্টির অভাবে ধুঁকতে থাকা শরীরের কাছে এটাই যেন মহৌষধ।
‘দেখা যাক, এবার কী পুরস্কার জোটে কপালে।’
কাঠের ডাইনিং টেবিলে চারটা বাটি আর চামচ সাজাতে সাজাতে আনন্দের সাথে মনে মনে ভাবল ডেক্সটার। তারপর হাঁটা দিল বসার ঘরের দিকে, যেখানে মেয়ে তিনটি তাদের চিরচেনা নীরবতায় ডুবে বসে আছে।
“রাতের খাবার তৈরি,” ডাক দিল সে।
কেউ এক চুলও নড়ল না।
‘ওহ, ধুর! বারবার ভুলে যাই।’
পকেট থেকে ফোনটা বের করে টাইপ করল সে: [খাবার রেডি। রান্নাঘরে চলে এসো।]
স্ক্রিনটা লাইরার চোখের সামনে মেলে ধরতেই সে লেখাটা পড়ে মাথা নাড়ল। ছিপছিপে গড়ন সত্ত্বেও বেশ সাবলীল ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে সেলিনের পাশে গিয়ে তার কনুইয়ে আলতো করে হাত রাখল লাইরা।
স্পর্শটা চিনতে পেরে সেলিন মাথা সামান্য হেলাল, আর লাইরাকে সুযোগ দিল তাকে পথ দেখিয়ে রান্নাঘরের দিকে নিয়ে যাওয়ার।
এখানে আসার মাত্র দুদিন হয়েছে, অথচ এরই মধ্যে ওরা একে অপরের ছন্দটা বেশ ভালোভাবেই রপ্ত করে ফেলেছে।
ডেক্সটার এবার মীরার দিকে ঘুরল।
মীরার চোখ দুটো তখনো বন্ধ। সন্ধ্যার ম্লান আলো এসে পড়েছে তার লাল চুলে, জ্বলন্ত অঙ্গারের মতো দ্যুতি ছড়াচ্ছে।
হুইলচেয়ারের পেছনে গিয়ে হাতল দুটো শক্ত করে ধরল ডেক্সটার।
“তোমাকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি।”
মীরা কোনো সাড়া দিল না, চোখও খুলল না।
ডেক্সটার তাতে কিছু মনে করল না; সে যে কোনো উত্তরের আশা করছিল তা-ও নয়। হুইলচেয়ারের ব্রেক খুলে দরজা পেরিয়ে মীরাকে ঠেলে নিয়ে গেল রান্নাঘরে।
ছোট্ট রান্নাঘরটায় চারজন একসাথে বসল। চারপাশে কেবল ফ্রিজের মৃদু গুনগুনানি আর চামচের টুংটাং শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। লাইরা খুব যত্নে সেলিনের হাতটা ধরে চামচের কাছে নিয়ে বাটিটা চিনিয়ে দিতেই সে নিজে নিজে খেতে শুরু করল।
ডেক্সটার বসল মীরার ঠিক পাশে। মীরার চামচটা তুলে নিয়ে তাতে অল্প একটু গরম খাবার তুলল, ফুঁ দিয়ে খানিকটা ঠান্ডা করে ধরে রাখল তার ঠোঁটের সামনে।
মীরা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল; রক্তাভ চোখ দুটোয় বিরক্তি আর অনিচ্ছার এক মিশ্র ছায়া কাঁপছে। কিন্তু খাবারের সেই ঘন, মনভোলানো সুবাস উপেক্ষা করা তার সাধ্যের বাইরে চলে গেল, আর ঠিক তখনই পেটের ভেতর থেকে এক মৃদু, বিব্রতকর গুড়গুড় শব্দ বেরিয়ে এল।
বাধ্য হয়েই মুখটা ফাঁক করল মীরা, ডেক্সটারকে সুযোগ দিল খাইয়ে দেওয়ার।
গরম পরিজটুকু জিভে ছোঁয়ামাত্রই মীরার লাল চোখ দুটো সামান্য বিস্ফারিত হয়ে উঠল। মুরগির ঝোলের সুস্বাদু স্বাদের সাথে জিনসেং আর আদার মাটির মতো মিষ্টি ঘ্রাণের অপূর্ব ভারসাম্য যেন তার স্বাদকোরকগুলোয় এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল।
শুধু তা-ই নয়, সে অনুভব করল এক মৃদু উষ্ণতা তার ঘাড় আর কাঁধের সেই তীক্ষ্ণ, নাছোড়বান্দা স্নায়বিক ব্যথাটাকে খানিকটা হলেও প্রশমিত করে দিচ্ছে।
এমনকি খাবারের স্বাদ মুখে লাগতেই লাইরা আর সেলিনও এক মুহূর্তের জন্য থমকে গেল।
খাবারটা গিলে নিয়ে ডেক্সটারের দিকে তাকাল মীরা। “এটা কি সত্যিই তুমি রান্না করেছ?”
“হ্যাঁ, আমিই করেছি,” চামচে আরও কিছুটা খাবার তুলতে তুলতে হেসে জবাব দিল ডেক্সটার। “পছন্দ হয়েছে?”
“চলে, খাওয়ার যোগ্য,” উদাসীন গলায় উত্তর দিল মীরা, যদিও পরমুহূর্তেই পরবর্তী লোকমার জন্য দ্রুত মুখ হাঁ করল।
তার এই কাণ্ড দেখে মুচকি হাসল ডেক্সটার এবং বাটিটা পুরোপুরি খালি না হওয়া পর্যন্ত পরম যত্নে খাইয়ে গেল। বাকি দুজনের খাওয়া শেষ হওয়ার পর নিজেও নিজের ভাগটুকু তৃপ্তি নিয়ে শেষ করল সে।
রাতের খাওয়া শেষে মেয়েগুলো যে যার চেনা জায়গায় বসে রইল, আর ডেক্সটার লেগে গেল বাসনপত্র ধোয়ার কাজে। লাইরা জানালার পাশে, সেলিন সোফায়, আর মীরাকে ডেক্সটার যেখানে রেখে এসেছে ঠিক সেখানেই।
শেষ বাটিটা মুছতে মুছতে ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল সিস্টেমের বার্তা।
[টিং!]
[বিনিয়োগ শনাক্ত হয়েছে: লক্ষ্যবস্তু তিনজনের জন্য উপকারী ম্যানা গুণসম্পন্ন খাবার প্রস্তুত ও পরিবেশন করেছেন ব্যবহারকারী। শারীরিক পুষ্টি প্রদান করা হয়েছে। মানসিক শ্রম ব্যয় করা হয়েছে (খাইয়ে দেওয়ার মাধ্যমে সহায়তা)।]
[বর্তমান গুণিতক: ১০ গুণ — প্রাথমিক স্তর]
[প্রতিদান হিসাব করা হচ্ছে…]
[হিসাব সম্পন্ন হয়েছে।]
[প্রাপ্ত পুরস্কারসমূহ:]
১. পঞ্চ-দেহপুষ্টি আহার প্রণালী (সম্পূর্ণ সেট) (স্তর ২)
— ক্ষতিগ্রস্ত মেরিডিয়ানসম্পন্ন হিরোদের জন্য বিশেষভাবে তৈরি পাঁচটি খাবারের রেসিপির সংকলন। প্রতিটি খাবার শারীরিক ও শক্তিমত্তা পুনরুদ্ধারের ভিন্ন ভিন্ন দিকে কাজ করে।
২. কাল্টিভেশন বৃদ্ধি: ২ দিনের পরিশোধিত ম্যানা চর্চার ফল যুক্ত হয়েছে।
৩. নবিস চূড়ার ফুড-স্মিথ
[আপনি কি পুরস্কারগুলো গ্রহণ করতে ইচ্ছুক? হ্যাঁ / না]
পুরস্কারের তালিকা দেখে রীতিমতো ভিরমি খেল ডেক্সটার। স্রেফ সাধারণভাবে একটু রান্না করে খাওয়ানোর বিনিময়ে এত বড় পুরস্কার! তাহলে যেদিন ১০,০০০ গুণের সিস্টেম পুরোপুরি সক্রিয় হবে, সেদিন তো সে সাক্ষাৎ দেবতাদের কাতারে পৌঁছে যাবে!
‘আমি সত্যিই একটা স্তরভিত্তিক কৌশল পেয়ে গেলাম?’
‘তাও আবার রান্নাবান্না সংক্রান্ত কৌশল!’
‘বাহ! এটা তো আমাকে রীতিমতো একজন ফুড-স্মিথ বানিয়ে দিল!’
এই পৃথিবীতে যেমন জেনেটিসিস্ট বা জিনতত্ত্ববিদরা আছেন, যাঁরা বিশেষ সিরাম তৈরি করে শক্তি, গতি কিংবা কাল্টিভেশনের স্তর বাড়িয়ে দেন; ঠিক তেমনি একদল মানুষ আছেন যাঁরা একই বিদ্যা প্রয়োগ করেন খাবারের ওপর।
এই বিশেষ মানুষদেরই বলা হয় ফুড-স্মিথ! তাঁরা বিশেষ কৌশলে খাবারকে পুষ্টিকর করে তোলেন, যা শরীরের ওপর জাদুকরী ও উপকারী প্রভাব ফেলে। আর আজ ফুড-স্মিথ সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান না থাকা সত্ত্বেও ডেক্সটার সরাসরি নবিস বা শিক্ষানবিশ র্যাংকের চূড়ায় পৌঁছে গেল!
এক মুহূর্তও দেরি না করে পুরস্কারগুলো গ্রহণ করে নিল সে।
ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত স্রোতে ম্যানা ছুটে এল তার শরীরে; হাড়গুলো মটমট করে শব্দ করে উঠল এবং শারীরিক শক্তিও কিছুটা বৃদ্ধি পেল।
একই সাথে বিদ্যুৎগতিতে অসংখ্য স্মৃতি এসে ভিড় জমাল তার মস্তিষ্কে। রান্নার নানাবিধ সূক্ষ্ম কৌশল চোখের পলকে গেঁথে গেল মগজে, আর নিমেষেই সে হয়ে উঠল নবিস চূড়ার একজন দক্ষ ফুড-স্মিথ!
এখানেই শেষ নয়, সেই বিশেষ রেসিপিগুলো এবং তা তৈরিতে প্রয়োজনীয় নানা উপকরণের খুঁটিনাটি তথ্য এমনভাবে তার স্মৃতিতে গেঁথে গেল, যেন জন্ম থেকেই সে এসব জানত।
পঞ্চ-দেহপুষ্টি আহার প্রণালী:
আহার ১: মেরিডিয়ান-প্রশমনকারী ঝোল — নানা উপকরণের সাথে মূল দুটি উপাদান সূর্য-চন্দ্র ফল এবং জুনিপার গাছের ছাল ও শিকড় দিয়ে তৈরি সোনালি রঙের তরল। এটি প্রদাহযুক্ত মেরিডিয়ানগুলোকে শান্ত করে এবং ছোটখাটো ক্ষত ধীরে ধীরে সারিয়ে তুলতে সাহায্য করে।
আহার ২: মজ্জা-শক্তিবর্ধক স্ট্যু — গুঁড়ো করা ড্রাগনের হাড় এবং রক্ত-চাল দিয়ে তৈরি ঘন, পুষ্টিকর স্ট্যু। এটি হাড়ের কাঠামো মজবুত করে এবং হাড়ের ভেতর দিয়ে ম্যানা চলাচলের গতি উন্নত করে।
আহার ৩: স্নায়ু-শান্তকারী পরিজ — প্রশান্তি উইলো গাছের ছাল এবং জ্যোৎস্নার শিশির মিশিয়ে তৈরি চালের পরিজ। এটি দীর্ঘস্থায়ী স্নায়বিক ব্যথা কমায় এবং স্নায়ুতন্ত্রকে শীতল রাখে।
আহার ৪: কি-পুনরুদ্ধারকারী স্যুপ — নক্ষত্রালোক মাশরুম এবং নির্যাস ঝরনার জল দিয়ে তৈরি স্বচ্ছ স্যুপ। এটি ফুরিয়ে যাওয়া ম্যানার ভান্ডার সরাসরি পূরণ করে এবং প্রাকৃতিকভাবে ম্যানা তৈরির গতি বাড়িয়ে দেয়।
আহার ৫: দেহ-সমন্বয়কারী অন্নপাত্র — আগের চারটি রেসিপির উপাদানের সাথে অতিরিক্ত কিছু ভেষজ মিশিয়ে তৈরি এক সুষম আহার। এটি শরীরের সমস্ত ব্যবস্থার মধ্যে সামঞ্জস্য ফিরিয়ে আনে এবং সার্বিক আরোগ্য ত্বরান্বিত করে।
অষ্টম অধ্যায়: মেয়েদের আবদার মেটানো
শেষ বাটিটা মুছতে গিয়ে ডেক্সটারের হাত দুটো সামান্য কাঁপছিল।
