অথচ আলোকিত বিজ্ঞপ্তিগুলো তখনো তার সামনে ভাসছিল। কিছুতেই অদৃশ্য হচ্ছিল না।
ফ্যাকাশে নীল আলো ছড়ানো প্যানেলগুলো ড্যানের সামনে স্থির হয়ে ছিল। নিস্তব্ধ ঘরে দাঁড়িয়ে সে অবিশ্বাসের চোখে সেগুলোর দিকে তাকিয়ে রইল। এইমাত্র ঘটে যাওয়া সবকিছু বোঝার চেষ্টা করছিল সে। এমন সময় হঠাৎ আরেকটি বিজ্ঞপ্তি ভেসে উঠল।
[অভিনন্দন, ড্যানিয়েল রেনল্ডস!]
[আপনি অর্জন করেছেন নতুন উপাধি: পৃথিবীর চূড়ান্ত পরিবারের কর্তা।]
ড্যানের ভ্রু কেঁপে উঠল।
‘পৃথিবীর… চূড়ান্ত পরিবারের কর্তা?’
উদ্ভট এই উপাধির অর্থ বোঝার আগেই তার নিচে আরেকটি প্যানেল দেখা দিল।
[আপনার পরিবার শুরু করতে প্রথম স্ত্রীকে যুক্ত করুন।]
[বিশেষ দ্রষ্টব্য: কোনো নারীকে পরিবারে যুক্ত করতে হলে হোস্টের তাকে পছন্দ হতে হবে অথবা তার প্রতি ভালোবাসা থাকতে হবে।]
[আপনি কাকে পরিবারে যুক্ত করতে চান?]
ড্যান শেষ প্রশ্নটির দিকে তাকিয়ে রইল।
কেন জানি না, সবার আগে তার মনে কেবল একজনের কথাই এল—সোফি।
উত্তরটা এত স্বাভাবিকভাবেই তার মনে এসেছিল যে, প্রায় না ভেবেই সে যেন তা মেনে নিতে যাচ্ছিল। কিন্তু কী ভেবে ফেলেছে, তা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তার মুখের ভাব বদলে গেল।
সে দ্বিধায় পড়ে গেল।
সোফিই ছিল সবচেয়ে স্বাভাবিক পছন্দ। কিন্তু তাই বলে সিদ্ধান্তটা সহজ হয়ে যায়নি।
তাদের সম্পর্ক বরাবরই জটিল ছিল।
বছরের পর বছর ধরে তারা একে অপরকে চিনলেও সোফির প্রতি ড্যান কখনো পুরোপুরি উদাসীন ছিল না। তবু তাদের মধ্যে সব সময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় থেকেছে।
জীবন তাদের দুজনকে ভিন্ন ভিন্ন পথে নিয়ে গেছে। আর একে অপরের প্রতি অবশিষ্ট অনুভূতিগুলো কখনোই ঠিকভাবে প্রকাশ পায়নি।
আজকের সন্ধ্যা যেন সেই অনুভূতিগুলোকে আরও স্পষ্ট করে তুলেছে।
সোফি যেভাবে তার যত্ন নিয়েছেন, দুজনের মধ্যে সেই পুরোনো স্বচ্ছন্দ সম্পর্কের অনুভূতি, ক্ষতস্থানে চিকিৎসা করার সময় তাঁর চোখে যে দৃষ্টি ছিল—এসব কিছুই ড্যান অস্বীকার করতে পারছিল না। সোফিকে সে এখনো পছন্দ করে।
কিন্তু কাউকে পছন্দ করা আর তাকে নিজের স্ত্রী হিসেবে বেছে নেওয়া সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়।
বিশেষ করে যখন সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে হঠাৎ কোথা থেকে আবির্ভূত হওয়া এক অদ্ভুত সিস্টেমের চাপে!
ড্যান কপালে হাত বুলিয়ে বলল, ‘এ তো পাগলামি!’
এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সে এখনো প্রস্তুত ছিল না।
সিস্টেমের অস্তিত্বই সে এখনো পুরোপুরি মেনে নিতে পারেনি। দেবীর কণ্ঠস্বর, মহাপ্রলয়ের সতর্কবার্তা কিংবা নিজের বসার ঘরে ভেসে থাকা স্বচ্ছ প্যানেলগুলো—কোনোটাই এখনো ঠিকমতো হজম করতে পারেনি সে।
আর এরই মধ্যে সিস্টেম তার কাছে স্ত্রী বেছে নেওয়ার দাবি করছে!
ব্যাপারটা সত্যিই তার জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছিল।
এমন সময় আরও একটি বিজ্ঞপ্তি ভেসে উঠল।
[পরিবার গঠন শুরু না করলে হোস্ট মহাপ্রলয় থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ অর্জন করতে পারবেন না।]
ড্যানের মুখের ভাব গম্ভীর হয়ে উঠল।
এরপর আরেকটি লাইন দেখা গেল।
[বর্তমান পরিস্থিতি বিবেচনায় হোস্টের মৃত্যুর সম্ভাবনা ৭৫ শতাংশ।]
তার চোখ সরু হয়ে এল।
‘পঁচাত্তর শতাংশ? এত বেশি!’
সংখ্যাটা সঙ্গে সঙ্গেই তার মনোযোগ কেড়ে নিল। সত্যিই যদি মহাপ্রলয় আসতে থাকে, তাহলে এটা কোনো নিরীহ খেলা নয়। ব্যাপারটা সরাসরি বেঁচে থাকার প্রশ্ন।
ড্যান কয়েক সেকেন্ড বিজ্ঞপ্তিটির দিকে তাকিয়ে রইল।
সে নিজেকে সব সময় একজন সাধারণ মানুষ হিসেবেই জেনে এসেছে। সে কোনো সৈনিক নয়, মার্শাল আর্টের প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা নয়, কোটিপতি নয়, এমনকি কোনো প্রতিভাবান বিজ্ঞানীও নয়। সে কেবল একজন নির্মাণশ্রমিক, যে প্রতিদিনের জীবনটা কোনোমতে পার করে দেওয়ার চেষ্টা করছে।
সত্যিই যদি কোনো মহাপ্রলয় এগিয়ে আসে, তাহলে তার কী করা উচিত?
তার দৃষ্টি আবার সিস্টেমের দিকে ফিরল।
“যদি এসব সত্যি হয়…”
কথাটা শেষ করার আগেই হঠাৎ আরেকটি বিজ্ঞপ্তি ভেসে উঠল।
[হোস্ট কি মহাপ্রলয় এবং চূড়ান্ত পরিবার ব্যবস্থার সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করছেন?]
ড্যান কপাল কুঁচকাল। সে কিছু বলার আগেই প্রায় সঙ্গে সঙ্গে আরেকটি বিজ্ঞপ্তি দেখা দিল।
[সমাধান তৈরি করা হচ্ছে…]
[মহাপ্রলয় যে সত্যি এবং খুব দ্রুত এগিয়ে আসছে, তা প্রমাণ করার জন্য চূড়ান্ত পরিবার ব্যবস্থা একটি উপায় বের করেছে।]
ড্যানের চোখ সরু হয়ে এল। মুহূর্ত পরেই নতুন একটি প্যানেল ভেসে উঠল।
[মহাপ্রলয়ের প্রথম লক্ষণ: নিরীহ রক্তবৃষ্টি।]
ড্যান কয়েক সেকেন্ড বিজ্ঞপ্তিটির দিকে তাকিয়ে রইল। তার মুখের ভাব ক্রমেই জটিল হয়ে উঠছিল।
“রক্তবৃষ্টি…?”
শব্দ দুটি সে নিচু স্বরে আবার উচ্চারণ করল। যেন মুখে বললে ব্যাপারটা কিছুটা কম অবাস্তব শোনাবে।
বৃষ্টি তো পানি দিয়েই হওয়ার কথা। কখনো ভারী, কখনো হালকা; কখনো উষ্ণ, কখনো শীতল। সঙ্গে বজ্রপাত থাকতে পারে, প্রবল বাতাসও বইতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেটা পানি দিয়েই হওয়ার কথা।
রক্ত সম্পূর্ণ ভিন্ন জিনিস।
ড্যান ধীরে ধীরে জানালার দিকে মাথা ঘোরাল।
বাইরের রাতটা তখনো একেবারে স্বাভাবিক। রাস্তার বাতিগুলো নিস্তব্ধ সড়ককে আলোকিত করে রেখেছে। আশপাশের বাড়িগুলোতেও শান্ত পরিবেশ বিরাজ করছে। আকাশে কোনো অস্বাভাবিক দৃশ্য নেই, এমনকি অদূর ভবিষ্যতে কোনো অঘটন ঘটতে যাচ্ছে, তারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সে আবার সিস্টেমের দিকে তাকাল।
‘তার মানে কি সত্যিই শিগগির রক্তবৃষ্টি হবে?’
তার পেটের ভেতর অদ্ভুত এক অস্বস্তি অনুভূত হলো।
সিস্টেমের অস্তিত্বই সে এখনো পুরোপুরি মেনে নিতে পারেনি। অথচ এটি আবির্ভূত হওয়ার পর থেকে যা যা দেখেছে, তার কোনোটাই সাধারণ কোনো ব্যাখ্যা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব নয়।
রহস্যময় নারীর কণ্ঠস্বর তার মনের ভেতর ভেসে উঠেছিল। সিস্টেম কোনোভাবে তার নাম জেনে গেছে। তাকে একটি উপাধি দিয়েছে, এমনকি কথিত মহাপ্রলয় সম্পর্কেও তথ্য জানিয়েছে।
আর এখন সেটি সবকিছুর প্রমাণ দেখানোর প্রতিশ্রুতি দিচ্ছে।
ড্যান কিছুক্ষণ নীরব রইল।
সত্যিই যদি রক্তবৃষ্টি হয়, তাহলে সিস্টেমের অস্তিত্ব নিয়ে সন্দেহ করার আর কোনো কারণ থাকবে না।
আর যদি তা না হয়… তাহলে পুরো ব্যাপারটাই কোনো জটিল বিভ্রম কি না, সেটা নিয়ে তাকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
তার দৃষ্টি আবার প্রথম স্ত্রী বেছে নেওয়ার বিজ্ঞপ্তিটির দিকে ফিরল।
সত্যিই যদি মহাপ্রলয় আসতে থাকে, তাহলে বেঁচে থাকার সম্ভাব্য কোনো উপায়কে উপেক্ষা করার মতো বোকা ড্যান নয়।
তার লিলির কথাও ভাবতে হবে। ছোট্ট মেয়েটি এত বছরে তার কাছে ভীষণ আপন হয়ে উঠেছে। যদিও লিলির প্রতি তার এত গভীর টান কেন, তা সে নিজেও কখনো ঠিক বুঝে উঠতে পারেনি। কোনো ধরনের মহাপ্রলয় বা বিপর্যয়ে মেয়েটি আটকা পড়তে পারে—এমন ভাবনাই তার মনে অস্বস্তি জাগিয়ে তুলল।
সিস্টেম যদি সত্যিই এমন সম্পদ সরবরাহ করতে পারে, যা তাদের বেঁচে থাকতে সাহায্য করবে, তাহলে সে অবশ্যই সেই সুযোগ কাজে লাগাবে।
আর তার জন্য যদি সোফিকে বেছে নিতে হয়… তাহলে সে তা-ই করবে।
হয়তো এখনই নয়। হয়তো স্বাভাবিকভাবে সময় নিয়ে তাঁর কাছে যাওয়ার সুযোগ পেলে তার মনে যে অনুভূতি কাজ করত, ঠিক সেই অনুভূতি নিয়ে নয়। তবু সে সিদ্ধান্তটা নেবে।
ড্যান ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল।
“ঠিক আছে।”
সিস্টেমের দিকে তাকিয়ে চোখ সরু করল সে।
“আগে আমাকে রক্তবৃষ্টি দেখাও।”
সিস্টেম তার কথা শুনতে পাচ্ছে কি না, সে নিশ্চিত ছিল না। কিন্তু কথাগুলো মুখ থেকে বের হওয়ামাত্রই আরেকটি বিজ্ঞপ্তি ভেসে উঠল।
[হোস্ট সিস্টেমের সতর্কবার্তার সত্যতা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছেন।]
ড্যান চোখের পলক ফেলল। এরপর আরেকটি লাইন দেখা গেল।
[যাচাই প্রক্রিয়া চলছে।]
সে বিজ্ঞপ্তিটির দিকে তাকিয়ে বলল, “ব্যস? এটুকুই?”
কোনো উত্তর এল না। সিস্টেম নীরব রইল। মনে হলো, তার ওপর আরোপিত বিধিনিষেধ মেনেই চলছে।
ড্যান মাথা ঝাঁকাল।
‘যাকগে!’
ভাসমান প্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে সে সোফার দিকে এগিয়ে গেল। তার কিছুটা সময় দরকার। সবকিছু নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে হবে।
ঘটনাগুলো খুব দ্রুত ঘটে গেছে।
সোফায় বসে মুখে হাত বুলিয়ে ড্যান বলল, “কী একটা দিন গেল রে বাবা…”
সে পেছনে হেলান দিয়ে ছাদের দিকে তাকাল।
হয়তো রক্তবৃষ্টি হবে না। হয়তো আদৌ কিছুই ঘটবে না। কিন্তু যদি সত্যিই ঘটে…
তার মুখের ভাব ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল। তাহলে তাকে প্রস্তুতি নিতে হবে।
কথিত এই মহাপ্রলয় আসতে আর কতটা সময় বাকি, সে জানে না। তবে সিস্টেমের সতর্কবার্তা ভুলও হতে পারে—শুধু এই সম্ভাবনার ওপর ভরসা করে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে সে রাজি নয়।
পরিচ্ছেদ ৭: রক্তবৃষ্টি
ড্যান তখনো গভীর চিন্তায় ডুবে ছিল। একটু আগে ঘটে যাওয়া সবকিছু বারবার মনে মনে ঝালিয়ে দেখছিল সে। এমন সময় হঠাৎ একটা শব্দ কানে এল।
