প্রেমের প্রাচীর

প্রেমের প্রাচীর চলমান

পর্ব: ১
☰ সকল পর্ব ∨

প্রেমের প্রাচীর | Premer Prachir
রিমশা হায়াত


নওশাদ রূহান অনুদিত


পর্ব: ১

“আপনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ করছেন কেন, শাহমির? এই সন্তান আপনার। আপনিই ওর বাবা!”

নিজের কথা বিশ্বাস করানোর জন্য গলা উঁচু করে বলল জরি।

“কীভাবে বিশ্বাস করব তোমার কথা? সারা রাত ওই নির্লজ্জ লোকটার সঙ্গে কাটিয়ে এসেছ তুমি! ওই ইতর লোকটার শিরায় শিরায় আমি চিনি। সে নিজেই স্বীকার করেছে, তুমি আমার স্ত্রী হলেও তোমার গর্ভে বেড়ে ওঠা সন্তানটি তার। আর আমি কোনোভাবেই এমন একজন নারীকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারব না, যার গর্ভে আমার নয়, অন্য কোনো পুরুষের সন্তান বেড়ে উঠছে।”

জরির চোয়াল শক্ত করে চেপে ধরে শীতল কণ্ঠে বলল শাহমির।

✓ গল্পন্যাস দ্বারা পরীক্ষিত

এক্সাক্ট বয়স জানতে চান? মাস-সপ্তাহ-দিন, ঘণ্টা ও সেকেন্ডসহ! কিংবা কত বছর ঘুমিয়ে কাটিয়েছেন? কতটি শ্বাস নিয়েছেন? পরবর্তী জন্মদিন কতদিন পর?

শুধু জন্ম তারিখ বসান, আর দেখুন ম্যাজিক!

ম্যাজিক টুল ব্যবহার করুন →

“আমি আপনার স্ত্রী, শাহমির! আমার ব্যাপারে এতটা অবিশ্বাস করছেন কেন? এ কেমন ভালোবাসা আপনার? আমার চেয়ে ওই অপরিচিত লোকটার কথাই আপনার কাছে বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠল?”

শাহমিরের হাতটা সজোরে সরিয়ে দিয়ে বলল জরি। এতক্ষণে তার চোখের পানিও শুকিয়ে গেছে। দীর্ঘক্ষণ কাঁদতে কাঁদতে কণ্ঠস্বর ভারী হয়ে উঠেছে।

“তোমার মতো একটা নোংরা মেয়েকে আজও আমার নামের সঙ্গে জড়িয়ে রেখেছি, এটাই আমার ভালোবাসার পরিচয়! আর এই পাপের দায়ে তুমিও সমান অপরাধী। আমি তোমাকে ভালোবেসেছি, তোমার সুখের জন্য পৃথিবীর সব আরাম-আয়েশের ব্যবস্থা করতে চেয়েছি। অথচ তোমার সেই ইতর লোকটা যে তোমার এতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছে, সেটুকু আমাকে জানানোরও প্রয়োজন মনে করোনি!

তুমিও তো সত্যিটা আড়াল করতে চেয়েছিলে। আজ যদি ওই রিপোর্টটা আমার চোখে না পড়ত, তাহলে কোনো দিনই জানতে পারতাম না, এই সন্তানের আসল বাবা কে!”

জরির বাহু শক্ত করে ধরে ঘৃণাভরা কণ্ঠে কথাগুলো বলল শাহমির।

রাগে তার চোখ দুটো লাল হয়ে উঠেছে। যেদিন থেকে সে জানতে পেরেছে, তার স্ত্রী তার সন্তান নয়, বরং এমন এক ব্যক্তির সন্তানের মা হতে চলেছে, যাকে সে এখন ভীষণ ঘৃণা করে, সেদিন থেকেই তার ভেতরে যেন আগুন জ্বলছে।

“আমাকে নোংরা বলছেন আপনি? আর নিজে কী, মিস্টার শাহমির?”

এক মুহূর্তের মধ্যেই জরির মুখের সম্বোধন পাল্টে গেল। এতক্ষণ যে মানুষটিকে সে আপনি বলে সম্মান করছিল, এখন আর তাকে সেই সম্মান দেওয়ারও প্রয়োজন বোধ করল না।

“কত নিরীহ মেয়ের জীবন নষ্ট করেছেন, তার হিসাব আছে আপনার কাছে? আর পাপের কথা বলছেন? যে মানুষ পাপের অর্থটাই ঠিকমতো বোঝে না, সে আমাকে পাপের শিক্ষা দিতে এসেছে?

আমাকে কিছু বলার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখবেন, আপনি নিজে কতটা নিষ্পাপ! আপনাকে ক্ষমা করেছিলাম, তার সবচেয়ে বড় কারণ ছিল আমার সন্তান। ভেবেছিলাম, হয়তো আপনি সত্যিই বদলে গেছেন। কিন্তু আমার ধারণা ভুল ছিল। আপনার মতো মানুষ কোনো দিনও বদলাতে পারে না।”

প্রতিটি শব্দে জোর দিয়ে ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে কথাগুলো বলল জরি।

“আমার কথাও কান খুলে শুনে রাখো, জরতাশা ম্যাডাম! আমি একজন পুরুষ। আর একজন পুরুষ যা খুশি করতে পারে!”

জরির বাহু আরও শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে কথাগুলো বলল শাহমির।

“তাহলে তোমার মতো নীচ পুরুষের ওপর আমি অভিশাপ দিচ্ছি! নিজের পাপের জন্য যার সামান্যতম অনুশোচনাও নেই! আর আমার কথাও ভালো করে শুনে রাখো, হিসাব সবাইকে দিতে হবে। সে পুরুষ হোক কিংবা নারী!

আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন কী জবাব দেবে?”

শাহমিরের চোখের দিকে সরাসরি তাকিয়ে নির্ভয়ে কথাগুলো বলল জরি।

এ মুহূর্তে নিজের অতীতের একটি সিদ্ধান্তের জন্য ভীষণ অনুতাপ হচ্ছিল তার। শাহমিরের মতো একজন মানুষকে সে বিশ্বাস করেছিল! ভেবেছিল, মানুষটা বদলে গেছে, সত্যিই তাকে ভালোবাসে। অথচ এমন একজনের ওপর বিশ্বাস রাখাই ছিল হয়তো জরির জীবনের সবচেয়ে বড় ভুল।

শাহমির ক্রোধে জ্বলতে থাকা চোখে জরির দিকে তাকাল। তার দৃষ্টিতে তখন কেবল ঘৃণা আর প্রতিশোধের আগুন।

“ইদানীং তোমার মুখে কথার খই ফুটছে দেখছি! দাঁড়াও, এবার তোমাকে দেখাচ্ছি আমি কী করতে পারি!”

কথা শেষ করেই জরির চুলের মুঠি আরও শক্ত করে চেপে ধরল সে। তারপর হিড়হিড় করে টেনে ঘরের বাইরে নিয়ে যেতে লাগল।

জরি প্রাণপণে তার হাত থেকে চুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। তার মনে হচ্ছিল, এই বুঝি মাথার গোড়া থেকে সব চুল ছিঁড়ে বেরিয়ে আসবে।

শাহমির তাকে টেনে সিঁড়ির কাছে নিয়ে গেল।

তারপর এক মুহূর্ত দেরি না করে সজোরে ধাক্কা দিল নিচের দিকে।

নিজেকে সামলে নেওয়ার কোনো সুযোগই পেল না জরি। তীব্র এক চিৎকার দিয়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়তে লাগল সে। মুহূর্তের মধ্যেই সারা বাড়ি কাঁপিয়ে নিচে গিয়ে আছড়ে পড়ল তার নিথর দেহ।

শাহমির ঘৃণাভরা চোখে তাকিয়ে রইল। জরি সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ার সময় একবারের জন্যও তাকে বাঁচানোর চেষ্টা করল না।

নিচে মেঝেতে পড়ে থাকা জরির কপাল বেয়ে রক্ত ঝরছিল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে এক হাত দিয়ে নিজের পেটটা আঁকড়ে ধরল।

“জরি?”

ছোট্ট ঘরটিতে ঢুকেই ডাকল রানি। জরি তখন খাটের ওপর বসে হাঁটুর মধ্যে মুখ গুঁজে রেখেছিল।

রানি তার পাশে এসে বসল। তারপর আবারও ডাকল তাকে।

এবার মুখ তুলে তাকাল জরি। তার চেহারার দিকে চোখ পড়তেই রানির বুকটা মোচড় দিয়ে উঠল।

অল্প কয়েক দিনের পরিচয়েই দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। জরি যখন গ্রামে এসেছিল, তখন প্রায়ই মায়ের সঙ্গে হাভেলির রান্নাঘরে কাজ করত। সেখানেই রানির সঙ্গে তার পরিচয়। পরে যখন জানতে পারল, রানি এই হাভেলির বড় বউ, তখন বেশ খুশি হয়েছিল সে। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে দুজনের মধ্যে গভীর সখ্যতা তৈরি হয়।

হঠাৎ জরির চোখ পড়ল রানির হাতের দিকে। হাতটা টকটকে লাল হয়ে ফুলে আছে। জরি কিছু বুঝে ওঠার আগেই রানি তাড়াতাড়ি হাতটা ওড়নার নিচে লুকিয়ে ফেলল।

“এ কী হয়েছে তোমার হাতে?” নির্বিকার কণ্ঠে জানতে চাইল জরি।

“রান্না করতে গিয়ে একটু পুড়ে গেছে।” তাড়াহুড়ো করে জবাব দিল রানি।

“এখন আমার কাছেও মিথ্যে বলবে?”

রানির পোড়া হাতের দিকে তাকিয়ে প্রশ্ন করল জরি।

রানি একটা দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় কণ্ঠে বলল, “সবই যখন জানো, তাহলে বারবার জিজ্ঞেস করছ কেন?”

“আর কত দিন এভাবে চুপ করে থাকবে? কত দিন মুখ বুজে অত্যাচার সহ্য করবে?”

রানির দিকে তাকিয়ে প্রশ্ন করল জরি।

রানি মৃদু হাসল। তবে সেই হাসিতে প্রাণের ছোঁয়া ছিল না, ছিল কেবল অসহায়ত্ব আর দীর্ঘদিনের জমে থাকা কষ্ট।

“আমি মুখ খুললেই বা কী হবে, জরি? নিজের অবস্থার কথাই একবার ভেবে দেখো। গ্রামের মানুষ কি তোমার কথা বিশ্বাস করেছে? তোমার পাশে দাঁড়িয়েছে? শাহমির আওয়ান এত অন্যায় করেও পার পেয়ে গেল। কেউ তাকে একটা কথাও বলল না। কেন জানো? কারণ সে পুরুষ! আমাদের গ্রামে পুরুষদের সাত খুনও মাফ।”

তিক্ত কণ্ঠে কথাগুলো বলল রানি।

জরি দৃঢ় স্বরে বলল, “আমি আছি তো! আমিই প্রতিবাদ করব। তবে তার আগে আমার ননদটাকে একটু সামলাতে হবে। যা কাঁদার, এত দিনে কেঁদেছি। এখানে বসে শোক করলেই তো আর কিছু বদলাবে না। আমি আরেক রানি হয়ে বাঁচতে পারব না।”

“জরি, শোন! তুই এমন কিছু করতে যাবি না। এরা ভীষণ নিষ্ঠুর। মানুষ মেরে কোথায় যে ফেলে রাখে, পরে তার কোনো খোঁজও পাওয়া যায় না। তোকে আমি হারাতে চাই না। দোহাই, এমন কিছু করিস না।”

উদ্বিগ্ন চোখে জরির দিকে তাকিয়ে বলল রানি।

জরি গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে রইল।

“রানি, শাহমিরও আমাদের মতোই একজন মানুষ। তাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় করি শুধু আল্লাহকে। তুইও ভয় পাওয়া ছেড়ে দে।”

একটু থেমে জরি আবার বলল, “আচ্ছা, ঠিক আছে। আমি এমন কিছু করব না। তুই চিন্তা করিস না। তবে হাভেলির লোকগুলোকে সামান্য শিক্ষা তো আমরাও দিতে পারি, তাই না?”

কথার মোড় ঘুরিয়ে দিল জরি। সে জানত, তার ব্যাপারে রানি ভীষণ স্পর্শকাতর। তাই নিজের মনের আসল পরিকল্পনাটা আপাতত গোপনই রাখল।

তবে মনে মনে সে ঠিক করে ফেলেছিল, কীভাবে হাভেলির মানুষগুলোকে তাদের প্রাপ্য জবাব দিতে হবে।

শাহমিরের সঙ্গে তার নিকাহ হওয়াটা হয়তো ভাগ্যেরই লিখন। কিন্তু সে কোনোভাবেই রানির মতো অসহায় জীবন মেনে নিতে রাজি ছিল না।

“আয়, তোর হাতে ক্রিম লাগিয়ে দিই।”

রানির দিকে তাকিয়ে বলল জরি।

রানি সম্মতিসূচক মাথা নাড়ল। তারপর তার সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল।

পরদিন সকালে পাশার লোকেরা ইকরার নিথর দেহ আব্বাসের বাড়িতে রেখে গেল।

উমর যখন আব্বাসকে খবরটা দিল, তখন নিজের স্ত্রীর মুখটা একবার দেখার মতো সাহসও তার অবশিষ্ট ছিল না। তবু মনের এক কোণে ক্ষীণ একটা আশা তখনো জেগে ছিল। হয়তো এটা ইকরা নয়! হয়তো কোথাও কোনো ভুল হয়েছে!

এই আশাটুকু নিয়েই ধীরে ধীরে কাফনের চাদরের দিকে হাত বাড়াল আব্বাস। কাঁপা হাতে চাদরের একাংশ সরিয়ে স্ত্রীর মুখটা দেখার চেষ্টা করল।

কিন্তু পরক্ষণেই সামনে প্রিয় স্ত্রীর নিথর মুখটা দেখে জীবনের সবচেয়ে বড় আঘাতটা পেল সে। মুহূর্তেই যেন তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চাদরের ওপর থেকে হাত সরিয়ে নিল আব্বাস। তারপর সেখানেই মেঝেতে বসে পড়ল।

তার চোখের পানি গড়িয়ে পড়ছিল সাদা কাফনের ওপর।

যে মানুষটা জীবনে কখনো চোখের জল ফেলেনি, আজ সে-ই অঝোরে কাঁদছে। যে মেয়েটি তাকে হাসতে শিখিয়েছিল, তার চিরবিদায়ে আজ সেই আব্বাসই কান্নায় ভেঙে পড়েছে।

উমর একটু দূরে দাঁড়িয়ে বন্ধুর দিকে তাকিয়ে রইল। ইচ্ছে করছিল, কোনোভাবে যদি বন্ধুর বুকের এই অসহনীয় যন্ত্রণাটুকু একটু কমিয়ে দিতে পারত!

“উমর, তুমি এখন যাও। আমি কিছুক্ষণ আমার স্ত্রীর সঙ্গে একা থাকতে চাই।”

আব্বাসের ভারী কণ্ঠস্বর ঘরের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ল। উমর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল।

সে চলে যেতেই আব্বাস আর নিজেকে সামলে রাখতে পারল না। বুকফাটা কান্নায় ভেঙে পড়ল সে। এই মুহূর্তে কেউ যদি তাকে দেখত, তাহলে হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারত না।

“তুমি তো বলেছিলে, কখনো আমাকে একা ফেলে যাবে না! আমার কাছে কথা দিয়েছিলে। তাহলে কীভাবে নিজের সেই কথা ভেঙে দিলে? কীভাবে আমাকে এভাবে একা রেখে চলে গেলে?”

কথাগুলো বলতে গিয়ে আব্বাসের কণ্ঠ যন্ত্রণায় ভারী হয়ে উঠল।

আজ ইকরা একেবারেই চুপ। অথচ আব্বাসের মনে পড়ে না, কখনো তাকে এভাবে নীরব থাকতে দেখেছে কি না!

একবার আব্বাস ল্যাপটপে জরুরি একটা কাজ করছিল। আর ইকরা তার স্বভাবমতো সামনের সোফায় বসে একের পর এক কথা বলেই যাচ্ছিল। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আব্বাস বলে উঠেছিল, ‘তুমি কি কিছুক্ষণের জন্য চুপ থাকতে পারো না?’

কথাটা শুনেই ইকরা একেবারে চুপ হয়ে গিয়েছিল। নিজের ভুল বুঝতে পেরে আব্বাস সঙ্গে সঙ্গেই তার কাছে ক্ষমা চেয়েছিল।

অথচ আজ ইকরার এই নীরবতা কিছুতেই সহ্য হচ্ছিল না তার। আজ সে সত্যিই চিরদিনের জন্য চুপ হয়ে গেছে। সঙ্গে করে নিয়ে গেছে আব্বাসের জীবনের সমস্ত শান্তি।

“তুমি সব সময় আমার সঙ্গেই থাকবে, ইকরা। আমার হৃদয়ের গভীরে তোমার চিরস্থায়ী ঠিকানা হয়ে থাকবে তুমি। আর আমি কথা দিচ্ছি, যে-ই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে থাকুক না কেন, নিজের হাতে তার জীবন শেষ করব।

আজ তোমাকে দেওয়া সেই শপথটাও আমি ভেঙে ফেলছি। এখন থেকে আর অন্যের ওপর ভরসা করে বসে থাকব না। নিজের শত্রুকে নিজেই খুঁজে বের করব।

মনে আছে, তোমাকে বলেছিলাম না, এই পৃথিবীটা বড় নিষ্ঠুর? এখানে সব সময় দুর্বলদেরই আঘাত করা হয়। কিন্তু তুমি আমার কথা শোনোনি। আর আজ দেখো, আমাকে ছেড়ে কত দূরে চলে যাচ্ছ! আবারও একা করে দিয়ে যাচ্ছ আমাকে।

তবে আমি জানি, তুমি আমার হৃদয়ে বেঁচে আছ। আমাকে কখনোই সত্যিকারের একা করে যাবে না।”

কথাগুলো বলেই আব্বাস ইকরার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াল। তার চোখের পানি গড়িয়ে পড়ে ইকরার চুলের মধ্যে হারিয়ে গেল।

অনেকক্ষণ সেখানেই বসে স্ত্রীর সঙ্গে কথা বলে গেল আব্বাস। আর উমর অসহায় চোখে একবার বন্ধুর দিকে তাকিয়ে আবারও ঘর থেকে বেরিয়ে গেল।

নাগমা বেগম, আর কত দিন রাগ করে থাকার ইচ্ছে আপনার?

স্ত্রীর দিকে তাকিয়ে জানতে চাইলেন ফজিল আওয়ান। তাঁর পাশেই বসে করণও সবার সঙ্গে রাতের খাবার খাচ্ছিল। রানি তখন রান্নাঘরে। অবশ্য বাড়ির সবার সঙ্গে বসে খাওয়ার সুযোগ তার খুব কমই হতো। যখনই সে সবার সঙ্গে বসতে যেত, কেউ না কেউ কোনো কাজের অজুহাতে তাকে আবার রান্নাঘরে পাঠিয়ে দিত।

“আসসালামু আলাইকুম।”

নাগমা বেগম কিছু বলার আগেই ভারী পুরুষালি কণ্ঠে সালামের আওয়াজ ভেসে এল। সবাই সেদিকে তাকাল।

“ওয়ালাইকুম আসসালাম। অবশেষে বাড়ির কথা মনে পড়ল তোমার?”

হাসিমুখে নিজের আদরের ছোট ছেলেটিকে প্রশ্ন করলেন ফজিল আওয়ান। ছেলেটি ততক্ষণে করণের ঠিক সামনের চেয়ারে গিয়ে বসেছে।

নাগমা বেগমও মুচকি হেসে সালামের জবাব দিলেন।

“চাচাজান, আপনাকে তো বলেই গিয়েছিলাম, বন্ধুর বিয়ে। তাই ওখানেই থেকে গিয়েছিলাম।”

হাসতে হাসতে বলল মোস্তফা।

“হ্যাঁ বাবা, জানি তো। ভালোই করেছ, বন্ধুর পাশে থেকেছ।”

পানির গ্লাসে চুমুক দিতে দিতে বললেন ফজিল আওয়ান।

“চাচাজান, বাকিরা সবাই কোথায়?”

সাধারণভাবেই জানতে চাইল মোস্তফা।

“শাহমির কাজের জন্য শহরে গেছে। আর তোমাকে একটা সুখবর দেওয়ার আছে।”

মুখে গর্বিত হাসি ফুটিয়ে বললেন ফজিল আওয়ান।

“কী সুখবর?”

মুখে খাবারের লোকমা তুলতে তুলতে জানতে চাইল মোস্তফা।

“শাহমির জরতাশাকে বিয়ে করেছে। তাদের নিকাহ হয়ে গেছে।”

বেশ গর্বের সঙ্গেই খবরটা দিলেন ফজিল আওয়ান।

কথাটা শুনে মোস্তফার হাতটা মুখের কাছেই থেমে গেল। করণ আর নাগমা বেগম মাথা নিচু করে নীরবে খেয়ে যাচ্ছিলেন।

“মানে কী? তাহলে রানির কী হবে?”

মোস্তফার গলা দিয়ে কথাটা যেন কষ্ট করে বের হলো।

“রানির আবার কী হবে? সেও তো এই বাড়িতেই থাকবে। ইসলাম ধর্মে পুরুষদের চারটি বিয়ে করার অনুমতি আছে। শাহমির তো মাত্র দ্বিতীয় বিয়েটাই করেছে।”

কথাটা বলেই নিজের খাবারের দিকে মনোযোগ দিলেন ফজিল আওয়ান।

ইসলাম যেমন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, তেমনি কারও ওপর জুলুম করতেও নিষেধ করেছে। কিন্তু সেদিকে তো তাঁদের কোনো নজর নেই! দ্বিতীয় বিয়ে মানে আরেকটা মেয়ের জীবনও তো অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া!

মনে মনে কথাগুলো ভাবল মোস্তফা। খাবারের প্রতি আগ্রহ মুহূর্তেই উধাও হয়ে গেল তার। ঠিক তখনই তার মুঠোফোন বেজে উঠল। ফোনটা বেজে ওঠায় মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কল রিসিভ করে টেবিল ছেড়ে উঠে চলে গেল।

কথা বলতে বলতেই তার চোখ চলে গেল ডান পাশের বাগানটার দিকে। সেখানে ঘাসের ওপর একা বসে আপনমনে কী যেন ভাবছিল রানি।

মোস্তফা ফোনটা প্যান্টের পকেটে রেখে বাগানের দিকে এগিয়ে যেতে লাগল।

হঠাৎ তার কানে আবারও সেই কথাগুলো বেজে উঠল।

‘কিন্তু আমি তো আপনাকেই পছন্দ করি। তাহলে কীভাবে শাহমিরকে বিয়ে করব?’

কথাটা মনে পড়তেই মাঝপথে থেমে গেল মোস্তফা। এরপর আর এক পা এগোনোর সাহস হলো না তার।

কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত পেছন ফিরে হাঁটতে শুরু করল সে।

এদিকে পায়ের শব্দ পেয়ে রানি চারপাশে তাকাল। কাউকে দেখতে না পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবারও দূরের গাছপালার দিকে তাকিয়ে রইল। বাগানের মালি তখন গাছগুলোতে পানি দিচ্ছিল।

মোস্তফা ছিলেন ফজিল আওয়ানের ছোট ভাইয়ের ছেলে। ছোটবেলায় এক দুর্বৃত্তের হাতে তার মা-বাবা খুন হয়েছিলেন। এরপর ফজিল আওয়ান নিজের সন্তানের মতো করেই তাকে বড় করেছেন। শাহমির আর মোস্তফার মধ্যে তিনি কখনো কোনো পার্থক্য করেননি। দুজনকেই তিনি সমান স্নেহ করতেন।

“শেরোর কোনো খবর পাওয়া গেছে?”

সিগারে লম্বা একটা টান দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে জিজ্ঞেস করল পাশা।

“স্যার, স্ত্রীর জানাজা শেষ হওয়ার পর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। উমরেরও কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না।”

লোকটি বিস্তারিত জানাল।

“হুম! আর মাত্র এক মাস। এক মাস পর দেখবে, শেরো আবার ফিরে আসবে। তবে এবার আগের মতো নয়, পুরো প্রস্তুতি নিয়ে। ওকে যতটা চিনি, তাতে মনে হয় না এত সহজে সবকিছু মেনে নিয়ে চুপচাপ বসে থাকবে।”

ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল পাশা।

“স্যার, এবার শেরো ফিরে এলে আগের চেয়েও ভয়ংকর হয়ে উঠবে।”

মাথা নিচু করে সাবধানী কণ্ঠে বলল লোকটি।

“জানি। আহত বাঘ যে কতটা ভয়ংকর হতে পারে, সেটা আমার অজানা নয়। আর এই লড়াইয়ের আসল মজাটাই তো সেখানে!”

প্রাণখোলা হাসিতে ফেটে পড়ল পাশা।

“কিন্তু স্যার, আপনি শেরোর স্ত্রীকে কেন মেরে ফেললেন?”

ভয়ে ভয়ে আরেকটা প্রশ্ন করে বসল লোকটি।

প্রশ্নটা শুনেই পাশার মেজাজ বিগড়ে গেল। মুহূর্তের মধ্যে লোকটার গলা চেপে ধরল সে। তারপর মুখটা তার কানের কাছে নিয়ে হিসহিস করে বলল,

“শেরো কী বলেছিল মনে নেই? পাশা টাকার জন্য সবকিছু করতে পারে। এমনকি কেউ যদি আমাকে শেরোকে মেরে ফেলার জন্যও টাকা দেয়, আমি সেটাও করে দেব। আমার মধ্যে আবেগ বলে কিছু নেই। পাশা যদি নিজের বাবাকেও মেরে ফেলতে পারে, তাহলে শেরোর স্ত্রী তো কোন ছার!”

কথা শেষ করে লোকটার গলা ছেড়ে দিল পাশা। লোকটি কাশতে কাশতে হাঁপাতে লাগল, যেন এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল তার।

“এরপর থেকে কোনো কথা বলার আগে অন্তত একশবার ভেবে নেবে। নইলে…”

কথাটা অসমাপ্ত রেখেই হুমকির দৃষ্টিতে তাকাল পাশা। তারপর সেখান থেকে চলে গেল।

লোকটি মনে মনে ভাবল, আপনি যদি পাশা হন, তাহলে যার স্ত্রীকে খুন করেছেন, সেও শেরো! ঘুমন্ত বাঘকে জাগিয়ে তুলে আপনি বিরাট ভুল করেছেন।

সেখানে উপস্থিত প্রত্যেকেই জানত, শেরো আসলে কতটা ভয়ংকর!

মোট অনুরোধ: 0

মানহীন রিপোর্ট: 0