আমার জানালাবিহীন ছোট্ট অফিসের দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করল ক্রিসি।
“কাকে?” কম্পিউটার থেকে চোখ না তুলেই জবাব দিলাম।
ক্রিসি ছিল সেই ধরনের অফিসকর্মী, যারা মনে করে কর্মক্ষেত্রে উন্নতি করার একমাত্র উপায় হলো ক্ষমতাবান পুরুষদের সঙ্গে ফ্লার্ট করা কিংবা তাদের সঙ্গে বিছানায় যাওয়া। আর এ কাজে তার কোনো কার্পণ্যও ছিল না।
সে আমার সুপারভাইজার। সুযোগ পেলেই নিজের পদমর্যাদার কথা মনে করিয়ে দিতে ভুলত না। অথচ আমি এই প্রতিষ্ঠানে যোগ দেওয়ার এক বছর পর তার আগমন ঘটেছিল। তার কর্মকাণ্ডের ধরন দেখে মনে হয়, ওই এক বছরে সে বেশ ভালোই সক্রিয় ছিল।
আমি জানতাম, ক্রিসি কার কথা বলছে। কিন্তু এমন ভান করছিলাম যেন তার কথায় আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। কারণ, আমার এই উদাসীনতা তাকে যে ভীষণ বিরক্ত করে, সেটা বেশ উপভোগ করতাম।
“হায় ঈশ্বর, মিয়া! তুমি কি এতটাই বেখেয়ালি হতে পারো?” স্পষ্ট বিরক্তি নিয়ে বলে উঠল সে।
অবশ্য সে রিড কলাহানের কথাই বলছিল। ‘বিন মি’-এর নতুন মালিক।
আমরা ছিলাম ওরেগনের সবচেয়ে বড় কফি বিন সরবরাহকারী প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানে আমি কাজ করতাম একরকম নামমাত্র বেতনের দাসী হিসেবে। অর্থাৎ, একটু ভদ্রভাবে বললে, একজন সেক্রেটারির সহকারী। আমি ছিলাম ক্রিসির ব্যক্তিগত সহকারী। তার গবেষণার কাজ, টাইপ করা, সময়সূচি ঠিক করা, এমনকি কফি বানানো পর্যন্ত ছিল আমার দায়িত্বের মধ্যে।
সত্যি বলতে, ক্রিসি কম্পিউটার চালাতে পারে কি না, কফি মেশিন ব্যবহার করতে জানে কি না, এমনকি একটা বই ঠিকমতো পড়তে পারে কি না, তা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ ছিল। সব মিলিয়ে শেষ পর্যন্ত তার প্রায় সব কাজই আমাকে করতে হতো।
“ওহ্, হ্যাঁ!” অবশেষে তার দিকে ফিরে বললাম, “সেই বড়সড় সাহেব, যিনি সিয়াটল থেকে উড়ে এসে আমাদের প্রতিষ্ঠানটাকেও নিজের ব্যবসায়িক সংগ্রহশালায় যোগ করতে চলেছেন।”
রিড কলাহান সম্পর্কে আগেই নানা গুজব শুনেছিলাম। তার খ্যাতি ছিল, পছন্দসই যেকোনো প্রতিষ্ঠান কিনে নেওয়া, সেটাকে নতুন করে লাভজনক করে তোলা, তারপর মোটা অঙ্কের মুনাফায় বিক্রি করে দেওয়া।
তার অতীত রেকর্ড বিবেচনা করে অবশ্য তাকে নিয়ে আমার বিশেষ মাথাব্যথা ছিল না। আমার ধারণা, বেশিদিন এখানে পড়ে থাকবেন না তিনি।
তার মূল প্রতিষ্ঠান সিয়াটলে অবস্থিত। পত্রপত্রিকার খবর থেকে জেনেছিলাম, গোটা উত্তর আমেরিকাজুড়ে তার বিচিত্র সব ব্যবসা রয়েছে। নৈশক্লাব থেকে শুরু করে মুদি দোকান, এমনকি বড় বড় করপোরেট প্রতিষ্ঠানও বাদ যায়নি। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আমাদের কফি বিনের ব্যবসা।
তবে ব্যবসার বাইরেও জনাব কলাহানের আরেকটি বিশেষ পরিচিতি রয়েছে। তিনি নাকি সুন্দরী নারী সংগ্রহ করতে ভালোবাসেন! একই নারীর সঙ্গে তাঁকে কখনো দুবার দেখা যায়নি। তাছাড়া শোবার ঘরেও তাঁর অসাধারণ দক্ষতা রয়েছে বলে নানা মহলে বেশ প্রচার আছে।
এক মুহূর্তের জন্য অবশ্য মেয়েলি কল্পনায় ভেসে গেলাম। এমন একজন পুরুষ যদি কখনো আমার প্রতি আগ্রহ দেখাতেন, তাহলে কেমন হতো? কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলাম। না, এমনটা কখনোই ঘটবে না।
“তুমি কি একটুও আগ্রহী নও লোকটাকে নিয়ে? শুনেছি, আকর্ষণের বিচারে বিছানায় নেওয়ার মতো পুরুষের তালিকায় তিনি একেবারে দশে দশ!” শিকারির মতো হাসি দিয়ে বলল ক্রিসি। তার চোখেমুখে তখন স্পষ্ট হিসাব-নিকাশের ছাপ।
সে যে কথাটা বলল, সেটা আসলে আমাদের অফিসের মেয়েদের তৈরি করা একটা নিজস্ব মাপকাঠি। নারী সহকর্মীরা মিলে পুরুষ সহকর্মীদের আকর্ষণ বিচার করার জন্য এমন একটা তালিকা বানিয়েছিল। ক্রিসিও তার সদস্য।
তার মানে, এবার নতুন শিকারের সন্ধান পেয়েছে সে! যদিও এতে অবাক হওয়ার কিছু ছিল না। এই অফিসে এমন পুরুষ খুব কমই ছিল, যাকে সে অন্তত একবার চুমু খাওয়ার চেষ্টা করেনি।
“দুঃখিত, তোমার এই নতুন শিকারের পরিকল্পনায় আমি মোটেও উত্তেজিত হতে পারছি না। আরেকজন পুরুষ এই অফিসে আসছেন, যিনি তোমার…”
কথাটা শেষ না করে থেমে গেলাম। কী শব্দ ব্যবহার করলে যথাযথ হবে, তা মনে করার চেষ্টা করছিলাম।
তার দিকে হাত নেড়ে ইশারা করলাম। বিশেষ করে তার বুকের দিকে। তখন তার পরনে থাকা বোতাম দেওয়া শার্টটি বুকের ওপর এমনভাবে টানটান হয়ে ছিল যে, আমার সন্দেহ হচ্ছিল ওপরের চারটি বোতাম সে ইচ্ছা করেই খুলে রেখেছে, নাকি বোতামগুলো নিজেরাই এতদিনের সংগ্রামে হাল ছেড়ে দিয়েছে! যা-ই হোক, শার্টের ফাঁক দিয়ে তার বক্ষসৌন্দর্য বেশ ভালোভাবেই চোখে পড়ছিল।
“ওগুলোকে স্তন বলে, মিয়া।” নিজের নিখুঁতভাবে সাজানো, স্পষ্টতই রং করা সোনালি চুলগুলো এক পাশে সরিয়ে বলল সে।
“ওগুলোকে কী বলে, সেটা আমার বেশ ভালোই জানা আছে, ক্রিসি!” বিরক্ত হয়ে ঝাঁঝের সঙ্গে জবাব দিলাম।
তার পরনের সাদা স্কার্টটার কথা আর নাই-বা বললাম। অমন বেহাল পোশাকের দিকে তাকানোরও রুচি হচ্ছিল না। শুধু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলাম যে, সে এই মুহূর্তে আমার সামনে বসে নেই। থাকলে এমন অনেক কিছুই দেখতে হতো, যা দেখার কোনো ইচ্ছা আমার ছিল না। তবে যেখানে দাঁড়িয়ে ছিল, সেখান থেকেও তার লাল রঙের থংয়ের ওপর ছোট্ট একটা ফিতার মতো অলংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। কেন এমন অদ্ভুত পোশাক পরেছে, সেটাও বুঝতে আমার বাকি রইল না।
দুই হাতের তালুতে মাথা রেখে চোখ বন্ধ করলাম। ধীরে ধীরে এক থেকে দশ পর্যন্ত গুনতে লাগলাম। ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে পড়েছে। মনে মনে ভাগ্যের কাছে প্রার্থনা করলাম, কেউ যেন এসে আমাকে এই যন্ত্রণা থেকে উদ্ধার করে!
“এই যে, কথার পাখিরা!”
খোশমেজাজে বলে উঠল লিজি।
কোনো রকম অনুমতির তোয়াক্কা না করেই সে দরজা ঠেলে ভেতরে ঢুকল। তাকে দেখেই মিস বুকবৈভব সোজা হয়ে দাঁড়াল। অবশ্য দাঁড়ানোর সময় বিরক্তিতে নাক সিটকাতেও ভুলল না।
আমি সব সময় ভেবে অবাক হই, ক্রিসি কীভাবে বুঝতে পারে না যে, তার অধীনে কাজ করা আমরা কেউই তাকে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতো সমীহ করি না। যদিও সে যেভাবে পোশাক পরে অফিসে আসে, তাতে মনে হয়, সম্মান পাওয়াটা তার অগ্রাধিকারের তালিকায় একেবারেই নিচের দিকে।
“কী চাই তোমার, লিজি?” খেঁকিয়ে উঠল ক্রিসি।
লিজি তার দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসল।
“হ্যালো, ক্রিসি! আজ তোমাকে বেশ… পেশাদার পতিতার মতো দেখাচ্ছে। আশা করি, নতুন বস মিস্টার কলাহানকে আকৃষ্ট করার জন্য এত আয়োজন করোনি। দুঃখের বিষয়, লোকটি সমকামী!”
ক্রিসির মুখ হাঁ হয়ে গেল। চোখেমুখে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল।
“এটা… এটা অসম্ভব! পত্রিকাগুলোতে তো এমন কিছু লেখা হয়নি!”
লিজি নির্বিকারভাবে কাঁধ ঝাঁকাল।
“এইমাত্র করিডোরে মিস্টার কলাহানের প্রেমিকের সঙ্গে দেখা হলো আমার। বিশালদেহী লোক। ভীষণ অধিকারবোধও রয়েছে। মাইকেল যখন নতুন বসের পশ্চাৎদেশের প্রশংসা করছিল, তখন লোকটাকে এমনভাবে তাকাতে দেখলাম, যেন চোখ দিয়েই মাইকেলকে ছিঁড়ে ফেলবে!”
ক্রিসির মুখের রং মুহূর্তে সাতবার বদলে গেল। প্রথমে লাল, তারপর ধীরে ধীরে ফ্যাকাশে। শেষ পর্যন্ত আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারল না। হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল।
“জানো, মেয়েটার সত্যিই সমকামীদের প্রতি এই বিদ্বেষটা কাটানো উচিত,” মাথা নেড়ে বিরক্তি প্রকাশ করল লিজি।
“এটা সমকামিতার প্রতি বিদ্বেষ নয়। আসলে যে পুরুষের সঙ্গে শোয়ার সুযোগ নেই, তাকে সে একদমই পছন্দ করে না। আর হ্যাঁ, মিস্টার কলাহান সমকামী, এই কথাটা তুমি মিথ্যা বলেছ। সেটা আমি বেশ ভালো করেই জানি।”
আমার কথায় লিজি এমন ভাব করল, যেন তাকে ভীষণ অপমান করেছি।
“আমি মিথ্যা বলিনি! মাইকেল তো সত্যিই তার প্রেমিকের কথা বলেছে। তবে স্বীকার করছি, কথাটা হয়তো এমন ছিল, ‘আমার নতুন বসের পশ্চাৎদেশটা কী চমৎকার, সেটা বলার পর আমার প্রেমিক আমার দিকে এমনভাবে তাকাল, যেন আমাকে খুন করে ফেলবে!’ আমি হয়তো কথাটার অর্থ বুঝতে একটু ভুল করেছি!”
লিজির মুখের দুষ্টু হাসি দেখে আমি হেসে ফেললাম।
আমি জানতাম, নতুন বসকে নিজের জালে ফেলার আগেই ক্রিসিকে এমন কিছু একটা করতে বাধ্য করাই ছিল লিজির উদ্দেশ্য, যাতে সে নিজের চাকরিটাই হারায়। আর ভাগ্যক্রমে যদি চাকরি না-ও যায়, অন্তত পদোন্নতির স্বপ্নটা যেন চিরতরে শেষ হয়ে যায়!
“তা যা-ই হোক, এভাবে হুট করে আমার ঘরে ঢোকার আসল কারণটা কী? অবশ্য ক্রিসির হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। সেটা অস্বীকার করছি না।” ডেস্কের ওপরের কাগজপত্রগুলো সরাতে সরাতে জিজ্ঞেস করলাম।
“দশ মিনিট পর কর্মীদের একটা সভা আছে। নতুন বসের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেওয়া হবে,” কথাটা বলেই বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল লিজি।
কথাটা শুনে আমি বিরক্তিতে গোঙিয়ে উঠলাম। এমনকি রাগে ডেস্কের ওপর মাথা ঠুকে বসার উপক্রম হয়েছিল। কোনোমতে নিজেকে সামলে নিলাম।
ক্রিসির যন্ত্রণা আর একটা হারিয়ে যাওয়া রিপোর্টের কারণে সকাল থেকেই আমার কাজ অনেকটা জমে আছে। তার ওপর এখন এই কর্মীসভা! স্বাভাবিকভাবেই কাজের চাপ আরও বেড়ে যাবে।
দুই হাত দিয়ে চোখ ঘষলাম।
কী ভয়াবহ একটা দিন শুরু হয়েছে! অথচ ঘড়িতে তখন সবে সকাল নয়টা!
পরিচ্ছেদ ৩
বিরক্তিতে আরেকবার দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর সভার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলাম। নোট নেওয়ার জন্য ল্যাপটপ, মোবাইল ফোন আর অবশ্যই আমার অতি প্রয়োজনীয় কফির মগ।
