দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আমি মুখ বন্ধ করে রইলাম। জানতাম, একটা শব্দও যদি মুখ দিয়ে বের হয়, তাহলে তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করতে শুরু করব।
দরজা খুলে সে একবার আমার দিকে ফিরে তাকাল। তারপর যেন হঠাৎ কিছু মনে পড়েছে, এমন ভঙ্গিতে আবারও ঘুরে দাঁড়াল।
“আচ্ছা, একটা কথা। আমি সমকামী, এই গুজবটা কে ছড়িয়েছে জানো?”
ওহ্! লিজি, এবার তো ধরা পড়ে গেলে!
আমি নিরীহ মুখ করে চোখ বড় বড় করলাম, তারপর মাথা নাড়লাম। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে বিপদে ফেলতে চাইছিলাম না।
“গুজবটা অবশ্যই সংশোধন করা দরকার। মাইকেল, আমাদের ডাক বিভাগের ছেলেটা, ইদানীং আমার সঙ্গে অনবরত ফ্লার্ট করছে। আর আমার বেশ ধারণা, তার প্রেমিকের রাগে আমার পিঠে ছুরি বসানোর মতো অবস্থা,” মাথা নাড়িয়ে বলল সে।
তারপর যোগ করল, “লিজিকে ফোন করো। সে তোমাকে নিয়ে চিন্তা করছে।”
আমি আবারও মাথা নাড়লাম। কী যে কর্তৃত্বপরায়ণ লোক!
আমার বুকের ভেতর জমে থাকা হাসিটা প্রথমে চাপা খিলখিল শব্দে বেরোল, তারপর একসময় অট্টহাসিতে পরিণত হলো। নিজেকে আর সামলাতে পারলাম না। সমকামী হওয়ার গুজবের কথা শুনে রিডের সেই হতবুদ্ধি মুখটা বারবার মনে পড়ছিল।
হাসতে হাসতেই তাড়াতাড়ি ফোনটা তুলে নিলাম। অবস্থা এমন যে, লিজির নম্বর ডায়াল করতেও বেশ কষ্ট হচ্ছিল।
প্রায় সঙ্গে সঙ্গেই সে ফোন ধরল।
“কী হয়েছে? আমি প্রায় পৌঁছে গেছি।”
“ওহ্, লিজি! তোমার খবর আছে!”
রিড এসে আমার খাবার খোঁজার ব্যর্থ প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানোয়, আমি আর লিজি ঠিক করলাম বাইরে কোথাও রাতের খাবার খাব। আমরা আমাদের প্রিয় ছোট্ট রেস্তোরাঁটিতে গেলাম। কিছুক্ষণের মধ্যেই টেবিলে এক গ্লাস ওয়াইন আর বিশাল এক প্লেট সুস্বাদু চাইনিজ খাবার হাজির হলো।
শহরে ‘দ্য লোটাস ফ্লাওয়ার’ই ছিল একমাত্র চাইনিজ রেস্তোরাঁ, যেখানে ওয়াইনও পাওয়া যেত। সে কারণেই আমি আর লিজি নিয়মিত এখানে আসতাম।
“তা, কী বলল সে?” রিড যে আমাকে আবার চাকরিতে ফিরতে বলেছে, তা জানাতেই লিজি প্রশ্ন করল।
“লিজি, সে আমাকে কোনো সুযোগই দেয়নি। সোজাসুজি বলে দিয়েছে, কাল সকালে যেন অফিসে হাজির থাকি,” আধা হাসতে হাসতে বললাম।
তার প্রতিক্রিয়া বোঝার জন্য আমি ওর দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই প্রথম লিজি আমার কাছ থেকে কিছু গোপন করেছে। ব্যাপারটা যে আমার একটুও ভালো লাগছে না, তা বলাই বাহুল্য।
“হ্যাঁ, রিডের কাছ থেকে এমনটাই আশা করা যায়,” মুখে রহস্যময় হাসি নিয়ে বলল সে।
আমি সঙ্গে সঙ্গে সন্দেহভরা দৃষ্টিতে ওকে আটকে দিলাম।
“লিজি, আমি জানি তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। আর ব্যাপারটা আমার ভালো লাগছে না। তুমি আর ওই সুদর্শন জর্ডান যে একে অপরকে চেনো, সেটা আমাকে আগে বলোনি কেন?”
“জর্ডানের সঙ্গে ক্লাবেই আমার পরিচয় হয়েছিল,” দীর্ঘশ্বাস ফেলে বলল সে। তার চোখেমুখে তখন স্বপ্নময় এক ভাব।
“আমি আর তুমি যে ক্লাবে গিয়েছিলাম, সেই ক্লাব?”
“হ্যাঁ, সেটাই। ক্লাবটা সদস্য বাছাইয়ের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। একেবারেই অভিজাত আর একান্ত ব্যক্তিগত জায়গা। বাইরে সব সময় লম্বা লাইন পড়ে থাকে। মানুষ শুধু অপেক্ষা করে, যদি কোনো সদস্য তাদের আমন্ত্রণ জানায়! কারণ, আমন্ত্রণ ছাড়া সেখানে ঢোকার আর কোনো উপায় নেই।”
চিংড়িগুলো আলাদা করতে করতে এমনভাবে কথাগুলো বলল, যেন এ আর এমন কী!
“ক্লাবটার নাম কী? তুমি ওটার খোঁজ পেলে কীভাবে? ঢুকলেই বা কীভাবে? আর কী এমন ক্লাব যে জায়গাটার নাম পর্যন্ত গোপন রাখতে হয়?”
আমি একের পর এক প্রশ্ন ছুড়ে দিলাম। তার কথাগুলো শুনে আমি পুরোপুরি হতবাক।
লিজি দীর্ঘশ্বাস ফেলল।
“সত্যি বলতে, কেউ এ ধরনের বিষয়ে সত্যিই আগ্রহী কি না, তা নিশ্চিত না হয়ে এসব কথা কাউকে বলার অনুমতি আমার নেই। বেশির ভাগ মানুষই এসব ব্যাপার বোঝে না।”
আমার তো বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ার জোগাড়।
“কেন বলবে না? লিজি, আমি তোমার সবচেয়ে কাছের বন্ধু! তোমার এমন কী বিষয় আছে, যা আমি জানি না কিংবা বুঝতে পারব না?” ক্ষোভের সঙ্গে বললাম।
“ব্যাপারটা জটিল,” চোখ নামিয়ে বলল সে। তার মুখে তখন অপরাধবোধের ছাপ।
“লিজি!”
আমি টেবিলের ওপর সজোরে হাত চাপড়ালাম। হঠাৎ শব্দে আশপাশের সবাই আমাদের দিকে তাকাল। লিজিও বিস্ময়ে আমার দিকে চোখ তুলে তাকাল। আমি সাধারণত ওর সঙ্গে গলা উঁচু করে কথা বলি না, তার ওপর আবার সবার সামনে!
কিন্তু আমি সত্যিই ভীষণ বিরক্ত হয়ে পড়েছিলাম। ওর জীবনে কী ঘটছে, জর্ডানের সঙ্গে তার সম্পর্ক কী, আর সবচেয়ে বড় কথা, রিডের সঙ্গে তার পরিচয় কীভাবে, সবকিছু জানতে চাইছিলাম।
নিজেকে শান্ত করতে গভীর শ্বাস নিলাম। কারণ, লিজির অনুভূতিটা আমি সত্যিই বুঝতে পারছিলাম। আমার নিজেরও তো একটা ছোট্ট গোপন বিষয় আছে, যা প্রকাশ্যে এলে লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে হবে।
“দেখো, তুমি যা-ই করো না কেন, তাতে আমার আপত্তি নেই। শুধু চাই না, তুমি আবার কোনো বিপদে পড়ো। তাই দয়া করে আমাকে একটু সাহায্য করো, ঠিক আছে?” ওর হাত ধরে শান্ত গলায় বললাম।
“আমি ঠিক সেটাই ভয় পাচ্ছি। আমার ভয় হচ্ছে, তোমাকে বললে তুমি হয়তো রেগে যাবে। কিংবা তার চেয়েও খারাপ কিছু হবে। তুমি হয়তো ব্যাপারটাকে ভয়ংকর কোনো অসুস্থতা ভেবে আমাকে পাগলাগারদে পাঠানোর ব্যবস্থা করবে!” এবার সত্যিই তাকে বেশ অসহায় দেখাচ্ছিল।
আমি হেসে বললাম, “লিজি, কলেজে তোমার ফ্যাশনবিরোধী অপরাধগুলোর জন্যই যখন তোমাকে পাগলাগারদে পাঠাইনি, তখন এখন আর ভয় কীসের?”
সে হেসে উঠল। “সত্যি বলতে, আজও বুঝি না, কালো চুল আর কালো লিপস্টিকের সেই সময়টায় তুমি আমাকে কিছু বলোনি কেন!”
“তুমি তখন একটা বিশেষ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিলে। আমি জানতাম, সময়ের সঙ্গে সেটা কেটে যাবে। শুধু খুশি হয়েছিলাম যে পুরো কলেজজীবন নয়, প্রথম বছরেই ব্যাপারটার ইতি ঘটেছিল,” ওকে খোঁচা দিয়ে বললাম।
“আরে, তোমার ওভারঅল পরার পাগলামির চেয়ে সেটা মোটেও খারাপ ছিল না। তোমার সেই দশা তো চলেছিল যত দিন না তোমার সব ওভারঅল রহস্যজনকভাবে দান করার কাপড়ের স্তূপে গিয়ে জমা হলো,” বিন্দুমাত্র দমে না গিয়ে পাল্টা খোঁচা দিল সে।
“হ্যাঁ, ভাবছি, এমনটা কীভাবে ঘটেছিল!” অর্থপূর্ণ দৃষ্টিতে বললাম।
“হ্যাঁ, আর তুমি আজ পর্যন্ত আমাকে ঠিকমতো ধন্যবাদও দাওনি,” আমার মিষ্টি-টক মুরগির মাংস থেকে এক টুকরো তুলে মুখে পুরে বলল সে।
রাতের খাবারের বাকি সময়টা কাটল আমাদের খুনসুটি আর পরস্পরকে খোঁচাখুঁচি করে। তাতে দুজনেরই মন হালকা হয়ে গেল।
বাড়ি ফেরার সময় আমাদের কথাবার্তা আবার ঘুরেফিরে পরদিনের অফিসে গিয়ে ঠেকল।
বাড়ির দরজায় পৌঁছে আমি বললাম, “তবু বুঝতে পারছি না, রিডের সঙ্গে তোমার পরিচয় হলো কীভাবে।”
লিজি অনিচ্ছুক ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বলল, “সে ওই ক্লাবের মালিক। আর জর্ডানের বন্ধু।”
“আমরা যে ক্লাবে গিয়েছিলাম, সেই ক্লাব? যে জায়গায় গিয়ে আমি আহত হয়েছিলাম?”
আমার কথাটা নিশ্চিত করতে চাইলাম।
সে মাথা নাড়ল।
“ক্লাবটা আসলে কী ধরনের, লিজি?” এবার একেবারে সরাসরি জানতে চাইলাম। ক্লাবটা সম্পর্কে সে ঠিক কী লুকাচ্ছে, তা পরিষ্কার করে বলুক, সেটাই চাইছিলাম।
কিন্তু তার ইতস্তত ভাব দেখেই বুঝলাম, এবারও উত্তর দেবে না।
“রিডকে জিজ্ঞেস করো,” রহস্যময় ভঙ্গিতে বলল সে।
তারপর আমাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে এমনভাবে ছুটে চলে গেল যে, আর কোনো তথ্য বের করার সুযোগই পেলাম না।
ওকে চলে যেতে দেখে নিজের মনেই বলে উঠলাম, “এ আবার কেমন কথা!”
পরিচ্ছেদ ৯
“তুমি এখানে কী করছ?” নিজের অফিসে ঢুকেই পুরোনো ডেস্কের পেছনে ক্রিসিকে বসে থাকতে দেখে বিস্ময়ে প্রশ্ন করলাম।
