« <
/ 10
> »

“রিতা!”

জেনিস পেছন থেকে ডাকতে ডাকতে আমার পিছু নিল। কিন্তু তার ডাকে সাড়া দেওয়ার মতো মানসিক অবস্থা তখন আমার ছিল না। সোজা গাড়িতে উঠে বসলাম। কোথায় যাব, কী করব, কিছুই মাথায় আসছিল না। শুধু মনে হচ্ছিল, যত দূরে সম্ভব চলে যেতে হবে। এমন কোনো জায়গায়, যেখানে আমাকে চেনে না কেউ। যেখানে একা বসে একটু শান্তিতে নিজের ভাবনাগুলো গুছিয়ে নিতে পারব।

গত পাঁচটা বছর আমি শুধু সেবাস্তিয়ানকে ঘিরেই নিজের জীবন সাজিয়েছি। আমার প্রতিটি পরিকল্পনা, প্রতিটি স্বপ্নের কেন্দ্রে ছিল সে। অথচ আজ আমরা আর একসঙ্গে নেই। এখন কীভাবে জীবন কাটবে, সেটাই বুঝতে পারছিলাম না।

এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে সেবাস্তিয়ান এত দিন ধরে আমার সঙ্গে প্রতারণা করে এসেছে।

তবে টেলর যে সেবাস্তিয়ানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, তাতে আমি মোটেও অবাক হইনি। আমাদের সম্পর্কের কথা, এমনকি আমরা যে ভাগ্যনির্ধারিত জীবনসঙ্গী, সেটাও সে ভালো করেই জানত। তবু আমার সঙ্গে এমনটা করেছে। টেলর বরাবরই আমার যা কিছু আছে, সব কেড়ে নিতে চাইত। অথচ আমার চেয়ে কোনো দিক থেকেই তার কমতি ছিল না।

সে ছিল আমার চেয়ে লম্বা, নিখুঁত গড়ন, সুন্দর মুখ, ঘন চুল আর মসৃণ ত্বক। সব মিলিয়ে যেন সৌন্দর্যের প্রতিচ্ছবি। তার পাশে দাঁড়ালে আমার মতো দেখতে মেয়েকেও মলিন মনে হতো।

✓ গল্পন্যাস দ্বারা পরীক্ষিত

এক্সাক্ট বয়স জানতে চান? মাস-সপ্তাহ-দিন, ঘণ্টা ও সেকেন্ডসহ! কিংবা কত বছর ঘুমিয়ে কাটিয়েছেন? কতটি শ্বাস নিয়েছেন? পরবর্তী জন্মদিন কতদিন পর?

শুধু জন্ম তারিখ বসান, আর দেখুন ম্যাজিক!

ম্যাজিক টুল ব্যবহার করুন →

আমরা দুজনের বয়স যখন ছয় বছর, তখন আমাদের বাবা-মায়ের বিয়ের সূত্রে সৎবোন হয়ে উঠি। সেই থেকে টেলর একে একে আমার সব বন্ধু কেড়ে নিয়েছে। আমার চেহারা খারাপ ছিল না, কিন্তু টেলরের সৌন্দর্যের পাশে অন্য কাউকেই যেন চোখে পড়ত না।

তার মা আমাকে কোনো দিন আপন করে নেননি। নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছেন শুধু টেলরের জন্য। অন্যদিকে আমার বাবা টেলরকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। এমনকি কখনো কখনো মনে হতো, আমাকে যতটা ভালোবাসেন, তাকেও হয়তো তার চেয়ে বেশি ভালোবাসেন।

ফলে বড় হওয়ার সময় মাতৃস্নেহ থেকে আমি বঞ্চিত হয়েছি, অথচ টেলর পেয়েছে বাবা-মা দুজনেরই অফুরন্ত ভালোবাসা।

তবু আমি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট ছিলাম। কিন্তু এত কিছুর পরও যেন টেলরের মন ভরছিল না।

বড় হতে হতে একটা বিষয় খুব ভালোভাবে বুঝে গিয়েছিলাম। টেলর কখনোই আমাকে সুখী দেখতে চাইত না। আমার কষ্টই যেন তার আনন্দের উৎস। আমাকে ভেঙে পড়তে দেখলে সে মনে মনে তৃপ্তি পেত।

গাড়ি চালাতে চালাতে কখন যে নিজের প্যাকের সীমানা পেরিয়ে এসেছি, খেয়ালই করিনি। সামনে আরেকটি প্যাকের সীমানা চিহ্নিত করা জায়গা পড়তেই কোনো দ্বিধা না করে গাড়ি নিয়ে সেখানে ঢুকে পড়লাম।

আমাদের প্যাকের নেকড়েরা প্রায়ই এই প্যাকে যাতায়াত করে। ওদের প্যাকের সদস্যরাও আমাদের এখানে আসে। কিন্তু আমার মতো অল্পবয়সী একটি নারী-নেকড়ের একা অন্য প্যাকে ঘুরে বেড়ানো মোটেও নিরাপদ নয়।

এখানকার কোনো নেকড়ে যদি বুঝতে পারে আমি তাদের প্যাকের সদস্য নই, তাহলে সুযোগ নিয়ে আমার ওপর নির্যাতন চালাতে পারে। আর এমন কিছু ঘটলেও অপরাধী হয়তো শাস্তি পাবে না। কারণ বাইরের কোনো মেয়ের জন্য নিজেদের প্যাকের একজন সদস্যকে শাস্তি দিতে তারা রাজি হবে না। তাছাড়া আমার মতো সাধারণ একজনের জন্য নিজেদের প্যাকের কাছ থেকেও ন্যায়বিচার আদায় করা কঠিন।

কিন্তু এসব নিয়ে তখন আমার বিন্দুমাত্র মাথাব্যথা ছিল না।

জীবনে কখনো কি এমন সময় এসেছে, যখন কোনো কিছু নিয়েই আর মাথা ঘামাতে ইচ্ছে করে না? যখন মনে হয়, যা হওয়ার হোক, তাতে আর কিছু যায় আসে না?

আমার অবস্থা তখন ঠিক তেমনই।

রাত অনেক গভীর হয়ে এসেছিল। রাস্তাঘাট প্রায় জনশূন্য। তবু গাড়ি চালিয়ে চললাম। কোথায় যাচ্ছি, তার কোনো ঠিকঠিকানা নেই। শেষ পর্যন্ত একটি বারের সামনে এসে গাড়ি থামালাম।

নেমে সোজা কাউন্টারের কাছে গিয়ে একটা পানীয়ের অর্ডার দিলাম। গ্লাস হাতে পেয়েই এক চুমুকে শেষ করে ফেললাম। তারপর আবার আরেকটা নিলাম। এভাবে একের পর এক পানীয় গিলতে গিলতে একসময় পুরোপুরি মাতাল হয়ে পড়লাম।

সাধারণত নেকড়েদের শরীরে মদের প্রভাব পড়ে না। কিন্তু সেবাস্তিয়ানের প্রত্যাখ্যানের পর মনে হচ্ছিল, ডাকোটা যেন আমার ভেতর থেকে হারিয়ে গেছে। ফলে এখন আমি আর দশটা সাধারণ মানুষের মতোই। মদ্যপান করলে মাতাল হয়ে পড়তে আমার কোনো বাধা নেই।

“এভাবে পান করতে থাকলে কিন্তু সুযোগসন্ধানী লোকদের সহজ শিকারে পরিণত হবে।”

কণ্ঠস্বরটা গভীর, ভারী আর অদ্ভুত রকমের মাদকতাময়।

শব্দটা কানে আসতেই পেটের ভেতর কেমন যেন শিহরণ খেলে গেল। বুকের ভেতর হৃদস্পন্দনও যেন একটু বেড়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো, এইমাত্র জীবনসঙ্গীর কাছে প্রত্যাখ্যাত হয়েছি, এমনটা তো নয়!

কণ্ঠস্বরের উৎসের দিকে ঘুরে তাকালাম।

আর তখনই চোখে পড়ল একজোড়া নীল চোখ। এত সুন্দর নীল চোখ জীবনে কখনো দেখেছি বলে মনে পড়ল না। মনে হচ্ছিল, নীল সমুদ্রের অতল গভীরতায় তাকিয়ে আছি।

“আপনার চোখ দুটো ভীষণ সুন্দর!”

নিজের অজান্তেই বলে ফেললাম।

আমার কথা শুনে লোকটার ঠোঁটের কোণে আত্মতৃপ্তির হাসি ফুটে উঠল।

আমিও হেসে বললাম,

“আমার সেই পুরুষদেরই ভালো লাগে, যারা জানে তারা দেখতে কতটা সুদর্শন!”

লোকটার মধ্যে অদ্ভুত কিছু একটা ছিল। তাকে দেখে কেন যেন পরিচিত মনে হচ্ছিল। চোখ সরু করে তার মুখের দিকে ভালো করে তাকালাম। শুধু চেহারাতেই নয়, তার উপস্থিতির মধ্যেও এমন একটা ব্যাপার ছিল, যা সাধারণ কারও মধ্যে দেখা যায় না।

এই মুখটা আমি আগে কোথাও দেখেছি।

মনে মনে ভাবলাম।

কিন্তু কোথায়, কখন কিংবা কীভাবে দেখেছি, কিছুতেই মনে করতে পারছিলাম না।

লোকটি আমার দিকে একটু ঝুঁকে এল। তার চোখ দুটো গভীরভাবে আমার চোখের দিকে তাকিয়ে রইল। অদ্ভুত ব্যাপার হলো, মনে হচ্ছিল সে যেন আমার মনের ভেতর জমে থাকা সমস্ত কষ্ট পড়ে ফেলতে পারছে।

“তোমার এখন মদ খাওয়া বন্ধ করা উচিত।”

আমি হেসে উঠলাম। অথচ হাসির আড়ালে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।

“জানি, তাই তো! কিন্তু এই পানীয়গুলো একেবারেই অকাজের। কষ্ট একটুও কমাতে পারে না। শুধু কিছুক্ষণের জন্য কষ্টটা ভুলিয়ে রাখে।”

লোকটি মাথা নেড়ে নিজের হাতে থাকা গ্লাসের পানীয়টুকু এক ঢোকে শেষ করে ফেলল।

আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকালাম।

“এটা তো অন্যায়! আমাকে মদ খেতে নিষেধ করছেন, অথচ নিজেই খাচ্ছেন। আপনি কি মাতাল নন?”

পরক্ষণেই মনে পড়ল, আমার ডাকোটা চলে গেছে, কিন্তু লোকটার নেকড়ে তো এখনো তার সঙ্গেই আছে। তাই তার পক্ষে মাতাল হওয়া প্রায় অসম্ভব।

“একটু মাতাল হয়েছি,” সে স্বীকার করল।

সম্ভবত আমার কথার সঙ্গে তাল মেলানোর জন্যই এমন বলছিল। কারণ যে নেকড়ের নিজের নেকড়েসত্তা অক্ষত রয়েছে, সাধারণত তার পক্ষে মদের প্রভাবে মাতাল হওয়া সম্ভব নয়।

সে আবার বলল,

“তবে তোমার মতো নয়। নিজের মাতলামি লুকাতে আমি বেশ পটু।”

একটু থেমে নিজেই কথাটা সংশোধন করল।

“আসলে সত্যি বলতে, আমি মাতাল হতে পারি না। শুধু কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে থাকতে চাই। সেটুকু পাওয়ার জন্যই এই পানীয়।”

আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। সত্যি বলতে, তাকে দেখে মোটেও মাতাল মনে হচ্ছিল না।

“কী এমন কষ্ট আছে আপনার জীবনে, যা ভুলে থাকার জন্য এই তেতো পানীয়ের সাহায্য নিতে হচ্ছে?”

প্রশ্নটা করতেই তার মুখের হাসি মিলিয়ে গেল। চেহারায় নেমে এল বিষণ্নতার ছায়া।

“ওকে খুব মনে পড়ে।”

“কে সে?”

“সে আর বেঁচে নেই।”

নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল লোকটি।

“দশ বছর হয়ে গেছে ও মারা গেছে। অথচ আজও ওকে ভুলতে পারিনি। শুধু জানতে ইচ্ছে করে, কেন আমাকে ছেড়ে চলে গেল। ভেবেছিলাম, আমাদের সম্পর্কটা বুঝি সারাজীবনের জন্য।”

কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন করে উঠল। লোকটার কষ্টের সঙ্গে নিজের কষ্টের মিল খুঁজে পেলাম।

“তাই না? অথচ আমি এখনো বেঁচে আছি, আর আমার জীবনসঙ্গী মাত্র পাঁচ বছরের মাথায় আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে! আজ নিজের চোখে তাকে আমার সৎবোনের সঙ্গে দেখেছি। জানেন, সে আমাকে কী বলেছে?”

লোকটি নীরবে আমার দিকে তাকিয়ে রইল।

আমি নিজেই তার হয়ে উত্তর দিলাম,

“বলেছে, ‘তোমার সৎবোনের মতো আরও আকর্ষণীয় মেয়ে থাকতে শুধু তোমার সঙ্গেই কেন থাকব?’”

কথাটা মনে পড়তেই তিক্ত হেসে উঠলাম।

“বেশ মজার ব্যাপার, তাই না? আজ সকালেও আমি দিবাস্বপ্ন দেখছিলাম, একদিন আমরা দুজন একসঙ্গে বুড়ো হব। আমারও তো মনে হয়েছিল, আমাদের সম্পর্কটা সারাজীবনের জন্য। অথচ দিনের শেষে কী হলো দেখুন! নিজের চোখেই সেই হারামজাদাকে অন্য মেয়ের সঙ্গে প্রতারণা করতে দেখলাম।”

কথা বলতে বলতে লোকটার আরও কাছে সরে গেলাম। একসময় আমাদের কপাল এসে ঠেকল পরস্পরের কপালে।

“এখন রাত হয়ে গেছে। আর আজ আমি অন্য কারও সঙ্গ চাই।”

লোকটি নিচু কণ্ঠে বলল,

“তুমি মাতাল। মানুষ মাতাল অবস্থায় এমন অনেক কাজ করে বসে, যার জন্য পরদিন নেশা কাটলে অনুতপ্ত হতে হয়।”

“তাহলে তো জ্ঞান থাকা অবস্থায় বেঁচে থাকাটাই যন্ত্রণার! আমি বরং মদ খেতেই থাকব, যাতে কোনো দিন আর স্বাভাবিক অবস্থায় ফিরতে না হয়।”

“খুব শিগগিরই তোমার নেকড়েসত্তা ফিরে আসবে। তখন আর এখনকার মতো এত সহজে মাতাল হতে পারবে না।”

কথাটা শুনেও আমার কোনো ভাবান্তর হলো না। বরং দুহাত দিয়ে তার গলা জড়িয়ে ধরলাম। আঙুলগুলো আলতো করে চালিয়ে দিলাম তার চুলের ভেতর।

লোকটি আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাল। তার চোখের রং যেন আরও গাঢ় হয়ে উঠল।

“এটা কি মদের প্রভাব, নাকি তুমি এমনিতেই এতটা মোহময়ী?”

তার কণ্ঠের গভীরতা আমার শরীরজুড়ে কেমন একটা শিহরণ ছড়িয়ে দিল।

ধুর! কী অসাধারণ ভারী কণ্ঠস্বর!

“আমার তো মনে হয়েছিল, মদ আপনার ওপর কোনো প্রভাবই ফেলে না!”

আমাদের ঠোঁটের দূরত্ব তখন সামান্য। কথা বলতে বলতে আরও একটু কাছে ঝুঁকলাম।

এবার তার শরীরের ঘ্রাণ আমার নাকে এসে লাগল। এত তীব্র, এত শক্তিশালী ঘ্রাণ সাধারণ কোনো নেকড়ের হতে পারে না।

আর ঠিক তখনই মাথায় যেন বিদ্যুতের ঝলকানি দিয়ে সব মনে পড়ে গেল।

এই মানুষটি আর কেউ নয়!

ইনি আলফা লিও। আমার নিজের প্যাকের আলফা এবং সেবাস্তিয়ানের আপন চাচা!

ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল আমার।

ভাতিজাকে তো পাওয়া হলো না, দেখা যাক চাচাকে পাওয়া যায় কি না!

আর এক মুহূর্তও অপেক্ষা করলাম না।

ঝুঁকে পড়ে সরাসরি নিজের ঠোঁট চেপে ধরলাম আলফা লিওর ঠোঁটে।

পরিচ্ছেদ: ৩

পরদিন সকাল।

« <
/ 10
> »