কপালে হাত ঠেকালাম। ধীরে ধীরে গত রাতের কথা মনে পড়তে লাগল। সোজা হয়ে বসে বিরক্তিতে জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম। পরপর দুবার এমন হলো যে, আগের রাতের বেশির ভাগ ঘটনাই আমার মনে নেই।
‘আশা করি, এবারও ওর সামনে কাপড়চোপড় খুলে বসিনি,’ বিছানা থেকে নামতে নামতে বিড়বিড় করলাম। ‘আরও খারাপ কিছু ঘটে থাকলে? নিজের নেকড়েসত্তা ফিরে না পাওয়া পর্যন্ত মদ ছোঁয়া বন্ধ করতে হবে।’
আমার পরনে তখনো গত রাতের পোশাক। তাই কিছুটা স্বস্তি পেলাম। টেবিলের ওপর পড়ে থাকা এক টুকরো কাগজ চোখে পড়তেই সেটা তুলে নিলাম।
চিন্তিত হওয়ার কিছু নেই। না, এবারও তুমি আমার সামনে পোশাক খোলোনি। তবে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছ, নিজের চুলের কয়েক গোছা কেটে সেগুলো দিয়ে একটা আংটি বানিয়েছ। ব্যস, এইটুকুই। তাই বেশি দুশ্চিন্তা কোরো না।
পুনশ্চ: আবারও আমার সঙ্গে দেখা করার কথা অস্বীকার করতে পারো ভেবে, আমাদের দুজনের একটা ছবি তুলে রেখেছি।
তোমার জীবনে দুবারের সঙ্গী, আর একবারের জন্য প্রায়-জীবনসঙ্গী এবং স্বপ্নের পুরুষ,
আলফা লিও।
কাগজটা পড়ে আলফা লিওর কথা মনে হতেই বিরক্তিতে সেটা মুঠো করে ছুড়ে ফেলে দিলাম।
‘অসহ্য লোক একটা!’ দাঁতে দাঁত চেপে বললাম।
লোকটা ভীষণ রহস্যময়, আর সেটাই আমার অপছন্দ। পরিবারের মানুষগুলোর ওপর আমি এমনিতেই বীতশ্রদ্ধ ছিলাম। কিন্তু চাইলে তো জানিসের বাড়িতেও যেতে পারতাম। এখানে এসেছি শুধু ওকে দেখতে, আর নিজের এই দুর্বলতাটাই আমার সবচেয়ে বেশি বিরক্তিকর লাগছে।
আরও বিরক্তিকর ব্যাপার হলো, ও-ও আমার প্রতি আকৃষ্ট। অথচ সবাই জানে, লোকটা নির্মম। আমার কাছে আসার চেষ্টা করার মুহূর্তেই তো ওর আমাকে দূরে সরিয়ে দেওয়া উচিত ছিল। মাতাল অবস্থায় আমার আচরণ যদি ওকে এতটাই প্রলুব্ধ করে থাকে, তাহলে অন্তত আমার সুযোগ নিয়ে বসতে পারত। তাতে ওকে ঘৃণা করা আমার জন্য সহজ হতো।
আমি ওকে ঘৃণা করতে চাই। কিন্তু সবাই যখন ওকে নিষ্ঠুর বলে জানে, তখন আমার সঙ্গে ওর এমন ভালো ব্যবহার কিছুতেই সহ্য হচ্ছিল না।
সিদ্ধান্ত নিলাম, এখানেই গোসল সেরে নেব। তারপর হোটেল ছেড়ে জানিসের বাড়ির উদ্দেশে রওনা হলাম। ওর কাছ থেকে প্রশিক্ষণের জন্য কিছু পোশাক নিয়ে আসতে হবে। যাদের নিজের পরিবার বলে ডাকতে হয়, সেই অপরিচিত মুখগুলোর সামনে এখনই দাঁড়ানোর কোনো ইচ্ছা আমার ছিল না।
প্রশিক্ষণস্থলে পৌঁছানোর পর জানিস ছাড়া কেউ আমার সঙ্গে কথা বলল না। টেলর আর সেবাস্তিয়ানের কল্যাণে এখন সবাই আমাকে অপছন্দ করে। তবে আলফা লিওর রোষে পড়ার ভয়ে কেউ সরাসরি আমাকে কটাক্ষ করার সাহস পাচ্ছিল না। যেসব কথা মুখে বলার সাহস তাদের ছিল না, সেগুলোই তারা মুখভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছিল।
অনেক দিন পর এই প্রথম আমার মনে হচ্ছিল, প্রশিক্ষণটা যেন যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে যায়, যাতে এখান থেকে চলে যেতে পারি।
কিন্তু আলফা লিওর আগমন পরিস্থিতি আরও অসহ্য করে তুলল। পুরো ক্লাসজুড়ে তিনি সুযোগ পেলেই আমার সঙ্গে কথা বলছিলেন। আর তাতে অন্যদের চোখে আমার প্রতি বিদ্বেষ আরও বেড়ে যাচ্ছিল।
জানিসের কথায়, প্যাকের সবাই মনে করছে আমি আলফা লিওর নতুন খেলার পুতুল।
নিষ্ঠুরতার জন্য পরিচিত হওয়ার আগেও লিওর আরেকটি পরিচয় ছিল—নারীদের মন জয় করতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। গত কয়েক বছরে তাঁর এসব কীর্তির খবর কিছুটা কমে এলেও, আইভির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এখনো রয়েছে। আইভি যে কেমন মেয়ে, তা সবারই জানা। আর এখন সবাই ভাবছে, আমি বুঝি তার জায়গা নিতে চলেছি।
এভাবে চলতে থাকলে কোনো দিনই যে একজন দক্ষ যোদ্ধা হয়ে উঠতে পারব, তা নিয়ে আমার সন্দেহ হচ্ছিল।
প্রশিক্ষণ শেষ হতেই দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়তে চাইলাম। কিন্তু তার আগেই মাইকে ঘোষণা ভেসে এল।
‘রিতা লয়েড, স্যার মার্টিনের অফিসে দেখা করুন।’
বিরক্তিতে মাথাটা পেছনে হেলিয়ে একটা গর্জন করলাম। আর কতক্ষণ যে অন্যদের বিদ্বেষপূর্ণ দৃষ্টি সহ্য করতে হবে, কে জানে!
একটা গভীর শ্বাস নিয়ে ব্যাগটা তুলে স্যার মার্টিনের অফিসের দিকে হাঁটলাম। কেন তিনি আমাকে ডেকেছেন, তা নিয়ে নানা চিন্তা হচ্ছিল। তবে মনে মনে একটা ধারণা ছিল, এর পেছনে আলফা লিওর হাত রয়েছে।
অফিসে ঢুকেই বুঝলাম, আমার ধারণা ভুল ছিল না। স্যার মার্টিনের টেবিলের পেছনে আলফা লিও বসে আছেন, অথচ স্যার মার্টিন নিজে কোথাও নেই।
আমি সঙ্গে সঙ্গে ঘুরে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিলাম।
‘দাঁড়াও। আমি তোমার আলফা। আমার অবাধ্য হওয়াটা তোমার জন্য মোটেও বুদ্ধিমানের কাজ হবে না।’
আলফা লিওর কথায় পা থামাতে বাধ্য হলাম।
ঠিক সেই মুহূর্তে দুজন নারী নেকড়েমানবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। দরজাটা খোলাই ছিল। ফলে ঘরের ভেতরে শুধু আলফা লিও আর আমাকে দেখতে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
বিরক্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত দরজাটা বন্ধ করে দিলাম। তারপর ঘুরে তাঁর দিকে তাকালাম।
‘তুমি চাইলে আমি ওদের সামলে দিতে পারি,’ আলফা লিও বললেন। তিনি যে ওই দুজনের কথাই বলছেন, বুঝতে অসুবিধা হলো না।
‘আমি ওদের মুখ বন্ধ করে দিতে পারি। কিন্তু আমার সম্পর্কে ওরা মনে মনে কী ভাববে, সেটা তো আর বদলাতে পারব না।’
‘অন্তত ওরা তোমাকে ভয় পাবে। তোমার ক্ষতি করার সাহস কারও হবে না।’
‘আপনার সব সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এখন থেকে আপনি যদি আমাকে এড়িয়ে চলেন, তাহলে বেশি খুশি হব।’
তিনি ভ্রু কুঁচকে তাকালেন।
‘নিজেকে এতটা আটকে রাখছ কেন?’
আমি দৃষ্টি সরিয়ে নিলাম। লোকটা যেন আমার মনের ভেতরটাও পড়ে ফেলতে পারেন। ব্যাপারটা ভীষণ বিরক্তিকর।
‘আপনি কী বলতে চাইছেন, বুঝতে পারছি না।’
একবার ঢোক গিলে আবার বললাম, ‘গত দুই রাতের ঘটনাগুলো ভুলে যান। আমি তখন শুধু মাতাল ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে কিংবা সৌভাগ্যক্রমে, আমি যখনই মাতাল হই, তখনই আপনার সঙ্গে দেখা হয়ে যায়।’
তিনি ভ্রু উঁচিয়ে বললেন, ‘সৌভাগ্যক্রমে?’
‘আপনি আমার সুযোগ নেননি। অথচ অন্য অনেক নেকড়েমানবই হয়তো এমন পরিস্থিতিতে সেই সুযোগ নিত। সে জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এখন থেকে আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমার কোনো ছবি যদি আপনার ফোনে থেকে থাকে, দয়া করে সেগুলো মুছে ফেলুন।’
আলফা লিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। চোখের পলক ফেলার আগেই তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। আমাদের কপাল প্রায় ছুঁইছুঁই।
‘তরুণী নেকড়েমানবী, তোমাকে হতাশ করতে হচ্ছে। তবে জীবনে আমার সঙ্গে তোমার আরও অনেকবার দেখা হবে।’
আমার দৃষ্টি অনিচ্ছা সত্ত্বেও তাঁর ঠোঁটের দিকে চলে গেল। নিজেকে সামলে রাখার জন্য আবারও নিজের সঙ্গে লড়াই করতে হলো।
‘কেন? আমার কাছে আপনি কী চান? যদি আমাকে আপনার উপপত্নী বানাতে চান, তাহলে সেটা হবে না।’
তিনি মুচকি হেসে আমার কাছ থেকে সরে গেলেন।
‘জানি, তুমি রাজি হবে না। আর সত্যি বলতে, তোমাকে আমি আমার লুনা বানাতে চাই। তাই চিন্তার কিছু নেই। তোমাকে উপপত্নী বানানোর কোনো ইচ্ছা আমার নেই।’
‘লুনা’ শব্দটা কানে যেতেই আমার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল।
মনে মনে নিজেকে তাঁর লুনা হিসেবে কল্পনা করে ফেলেছিলাম। ভাবনাটা মাথায় আসতেই ভ্রু কুঁচকে গেল। বুঝতে পারছিলাম, এই দৃশ্যটা অনেক দিন আমার মন থেকে মুছবে না। আর এমন একটা ভাবনা আমার মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য তাঁকে ভীষণ অপছন্দ হচ্ছিল।
‘আমাকে এখানে ডেকেছেন কেন?’
‘আজই তুমি আমার বাড়িতে উঠে যাচ্ছ।’
আমি বিস্ময়ে তাঁর দিকে তাকালাম।
‘গতকাল তুমি মাতাল অবস্থায় তোমার পরিবারের কথা আমাকে বলেছিলে। মনে আছে কি না জানি না। তবে আমি চাই না, তুমি আর তাদের সঙ্গে থাকো। আজ থেকে আমার প্রাসাদেই থাকবে।’
কথাটা বলে তিনি থামলেন। তারপর নিচের ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে আবার বললেন,
‘তুমি থাকবে। তোমার আলফা হিসেবে আমি তোমাকে আমার সঙ্গে রাখার ব্যবস্থা করব।’
পরিচ্ছেদ ৯
‘আপনি আলফা হওয়ার ক্ষমতার অপব্যবহার করছেন!’
