অচেনা এক ঘরে ঘুম ভাঙল আমার। যে বিছানায় শুয়ে ছিলাম, তা আমার পরিচিত বিছানার চেয়ে অনেক বেশি নরম। নাকে এসে লাগছিল তাজা ফুলের মিষ্টি সুবাস। কোথায় আছি, বোঝার চেষ্টা করতে করতে চারদিকে তাকালাম।
গতকালের কিছু ঘটনা হঠাৎ মনে পড়তেই আতঙ্কে চোখ বড় বড় হয়ে গেল। তাড়াতাড়ি বিছানার চাদরটা তুলে নিজের দিকে টানলাম। তারপরই হাঁফ ছেড়ে আবার চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেললাম।
আমি সম্পূর্ণ নগ্ন!
“আমি কি…?”
কথাটা শেষ করতে পারলাম না। কপালের দুপাশে হাত বুলিয়ে মনে করার চেষ্টা করলাম, কীভাবে এই বিছানায় নগ্ন অবস্থায় এসে পৌঁছালাম। কিন্তু কিছুতেই কিছু মনে পড়ল না।
চোখ বন্ধ করতেই ভেসে উঠল এক পুরুষের মুখ। ঢোক গিলে মনে করার চেষ্টা করলাম, গত রাতে সেই মানুষটিকে আমি চুমু খেয়েছিলাম। তিনি আর কেউ নন, আলফা লিও!
পৃথিবীর সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী আলফা। তাঁর সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলারেরও বেশি। আর সবচেয়ে বড় বিপদ হলো, তিনি সেবাস্তিয়ানের চাচা। সেই সেবাস্তিয়ান, যে আমার সৎবোনের জন্য আমাকে ছেড়ে গেছে!
বিস্ময়ে হাঁ করে ফেললাম। মুখের ওপর দুহাত চেপে ধরলাম, যেন কথাগুলো মুখ ফসকে বেরিয়ে না যায়। আবারও চাদর সরিয়ে নিজের দিকে তাকালাম। হ্যাঁ, আমি এখনো নগ্ন।
ঠিক তখনই ফোনে বার্তা আসার শব্দ হলো। জেনিসের মেসেজ। না খুলেই বুঝতে পারলাম, সে আমার খোঁজখবর নিতে চেয়েছে। এ-ও জানি, মেসেজে সে আমাকে সেবাস্তিয়ান আর টেলরের কথা ভুলে প্রশিক্ষণকেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহ দেবে।
প্রায় এক বছর আগে জেনিস আর আমি প্যাকের যোদ্ধা হওয়ার প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিলাম। প্যাকের কথা মনে পড়তেই ভ্রু কুঁচকে গেল।
টেলরও আমাদের সঙ্গে প্রশিক্ষণ নিত। মাঝেমধ্যে সেবাস্তিয়ানও প্রশিক্ষণকেন্দ্রে আসত। অথচ এই মুহূর্তে সেবাস্তিয়ান আর টেলর, দুজনের কাউকেই দেখতে চাইছিলাম না। কিন্তু চাইলেই তো আর তাদের এড়িয়ে চলা সম্ভব নয়!
গতকালের সেবাস্তিয়ান আর টেলরের কাণ্ড মনে পড়তেই মুখটা মলিন হয়ে গেল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। চোখ ভরে উঠল অশ্রুতে, আর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
গত রাতে মদের নেশায় কিছুক্ষণের জন্য যন্ত্রণা ভুলে থাকতে পেরেছিলাম। কিন্তু এখন সম্পূর্ণ সুস্থির অবস্থায় সেই কষ্ট যেন হাজার গুণ বেশি অনুভূত হচ্ছিল। সেবাস্তিয়ান আর টেলরের চুম্বনের দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল।
“না!” মাথা ঝাঁকিয়ে জোরে বলে উঠলাম। “সেবাস্তিয়ান আর টেলরকে কাঁদিয়ে ছাড়ার বদলে উল্টো তাদের জন্য কাঁদব, এমনটা কখনোই হতে দেব না!”
ডান হাতের পিঠ দিয়ে গাল বেয়ে পড়া অশ্রু মুছে ফেললাম।
“আমি প্রশিক্ষণকেন্দ্রে যাব। নিজের সবচেয়ে আকর্ষণীয় প্রশিক্ষণের পোশাকটা পরব, তারপর রানির মতো প্রশিক্ষণ নেব!”
সময় দেখতেই মুখ দিয়ে গালি বেরিয়ে এল।
“ধুর!”
আমি ত্রিশ মিনিটেরও বেশি দেরি করে ফেলেছি!
তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে মেঝেতে ছড়িয়ে থাকা কাপড়গুলো কুড়িয়ে নিলাম। সেগুলো পরে ঘর থেকে দ্রুত বেরিয়ে পড়লাম।
এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বাড়ি ফিরে এলাম। আর না, নিজের সাজে সবাইকে তাক লাগিয়ে দেব, এমনকি সেবাস্তিয়ান আর টেলর বলে যে কেউ আছে, তা-ও যেন ভুলে থাকব, এই পরিকল্পনা থেকে একটুও সরে আসিনি।
বাড়িতে আরও এক ঘণ্টা কাটিয়ে প্যাকের প্রশিক্ষণকেন্দ্রের উদ্দেশে রওনা দিলাম।
গাড়ির জানালায় নিজের প্রতিবিম্ব দেখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল ঠোঁটে।
আমার কালো চামড়ার ফিতাবাঁধা হাল্টার টপটি শরীরের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। দুহাত তুলে রুপালি আঙুলখোলা গ্লাভস দুটির দিকে মুগ্ধ হয়ে তাকালাম। উঁচু কোমরের কালো চামড়ার লেগিংসটির হাঁটুর কাছে রুপালি প্যাড বসানো। পোশাকটি আমার সুডৌল শরীরের গড়ন আর শক্তপোক্ত পেশিগুলোকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে।
“এই পোশাকটা এককথায় অসাধারণ!” নিজেকেই বললাম।
আমার শরীরের বাঁকগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর সত্যি বলতে, আমার কোমর যে এত সরু, তা নিজেই জানতাম না!
এক বছর আগে পোশাকটা কিনেছিলাম। তখন সেবাস্তিয়ান কিছুতেই আমাকে এটা পরতে দিতে চাইত না। তার যুক্তি ছিল, আমার জীবনসঙ্গী নয়, এমন পুরুষদের সামনে এতটা খোলামেলা পোশাক পরা উচিত নয়।
কিন্তু আজ? আজ সেবাস্তিয়ান কী ভাবল, তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই।
মাথা উঁচু করে সোজা হয়ে বসলাম। বড় হয়ে ওঠা এই সুন্দরী নারীটির জন্য নিজের মনেই গর্ব অনুভব করছিলাম।
প্রশিক্ষণকেন্দ্রে পৌঁছাতেই সবার চোখ আমার দিকে আটকে গেল। উপস্থিত প্রত্যেকের মুখ হাঁ হয়ে রইল।
তাদের এমন প্রতিক্রিয়ায় অবশ্য অবাক হলাম না। কারণ, এত দিন আমি যে ধরনের পোশাক পরে আসতাম, সেগুলোতে আমার সৌন্দর্য খুব একটা ফুটে উঠত না।
“র-রিতা…”
প্রশিক্ষক স্যার মার্টিনস কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলেন। তারপর নিজেকে সামলে নিয়ে চোখ খুলে কথা বললেন।
“রিতা, তুমি দেরি করে এসেছ।”
“দেরি করে আসার জন্য দুঃখিত, স্যার। কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, সেগুলো সামলাতে হয়েছে। তবে এখন সব ঠিক আছে।”
“মেয়ে, তুমি দেরি করে আসোনি। তুমি তো একেবারে রাজকীয় প্রবেশ করেছ!”
জেনিসের কথায় উপস্থিত সবাই মৃদু গুঞ্জনে সম্মতি জানাল।
টেলর আমার দিকে রাগী চোখে তাকিয়ে ছিল। আমাকে দেখায় মগ্ন সেবাস্তিয়ানের বাহুতে ধাক্কা দিল সে।
আমি বাঁকা হাসলাম।
বাহ্! দুজনকে বেশ মানিয়েছে।
“স্প্যারিংয়ের অনুশীলন শেষ হয়েছে। পরবর্তী পর্ব শুরুর আগে তোমাদের প্রত্যেককে একজন করে সঙ্গী খুঁজে নিতে হবে,” প্রশিক্ষক বললেন।
কথাটা শুনেই আমার বুক ধক করে উঠল।
এটা তো ভীষণ বিপজ্জনক!
সেবাস্তিয়ান আমাকে প্রত্যাখ্যান করার পর থেকে ডাকোটার কোনো সাড়াই পাইনি। আমার নেকড়েসত্তা যেন একেবারেই হারিয়ে গেছে। এমন অবস্থায় কোনো নেকড়ে-মানুষের সঙ্গে স্প্যারিং করা মানে তো নিজের বিপদ নিজেই ডেকে আনা!
জেনিসকে দেখলাম, সে ইশারায় প্রশিক্ষককে বোঝানোর চেষ্টা করছে যেন আমাকে স্প্যারিং করতে না দেওয়া হয়। কিন্তু তিনি তার দিকে কোনো মনোযোগই দিলেন না।
“আমি ওর সঙ্গে স্প্যারিং করব,” স্বেচ্ছায় এগিয়ে এল টেলর।
আমার গলা শুকিয়ে গেল। টেলর যে সুযোগ পেলে আমাকে মেরেই ফেলতে চাইবে, তাতে কোনো সন্দেহ নেই।
“কোনোভাবেই না!” ক্ষোভে বলে উঠল জেনিস।
তারপর প্রশিক্ষকের দিকে ফিরে বলল, “স্যার মার্টিনস, রিতা এখন মানসিকভাবে স্প্যারিংয়ের মতো অনুশীলনের জন্য প্রস্তুত নয়। ও…”
জেনিস থেমে গেল। সম্ভবত ভাবছিল, আমাকে সেবাস্তিয়ান প্রত্যাখ্যান করেছে, সে কথা প্রশিক্ষককে জানানো উচিত হবে কি না।
“এসবের কোনো মূল্য নেই। তোমরা সবাই যোদ্ধা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছ। আর একজন যোদ্ধার প্রশিক্ষণেরই অংশ হলো, জীবনে যা-ই ঘটুক না কেন, সব সময় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা। রিতা আর টেলরের স্প্যারিং হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।”
টেলর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে স্প্যারিংয়ের মাদুরের দিকে এগিয়ে গেল।
আমি একবার গভীর শ্বাস নিয়ে তার পিছু নিলাম।
“ডাকোটা, যদি আমার কথা শুনতে পাও, দয়া করে আমাকে সাহায্য করো,” ফিসফিস করে বললাম।
ঠিক তখনই ঘণ্টা বেজে উঠল।
টেলর মুহূর্তের মধ্যে নেকড়ের রূপ ধারণ করে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল।
চমৎকার! যত দ্রুত সম্ভব আমাকে মেরে ফেলতে চায় সে!
আমি পাশ কাটিয়ে বাঁচার চেষ্টা করলাম। কিন্তু টেলরের নেকড়ে আমার চেয়ে অনেক দ্রুতগামী। আর নিজের নেকড়েসত্তা ছাড়া আমি কার্যত একজন সাধারণ মানুষ ছাড়া কিছুই নই।
এক মিনিটও পেরোল না, তার আগেই সে আমাকে মাটিতে চেপে ধরল। আমার গোড়ালিও মচকে গেল।
কেউ টেলরকে থামানোর জন্য এগিয়ে এল না। কারণ, সবাই ভেবেছিল আমার নিজের নেকড়েসত্তা আছে, তাই আমি পরিস্থিতি সামলে নিতে পারব।
সাধারণ অবস্থায় এমন পরিস্থিতি আমার প্রাণঘাতী হতো না। কিন্তু এখন আমি নেকড়েহীন। কেউ হস্তক্ষেপ না করলে কয়েক মিনিটের মধ্যেই আমার মৃত্যু হতে পারে।
অথচ কেউ আমাকে সাহায্যও করতে পারছিল না। নিয়ম অনুযায়ী স্প্যারিং চলাকালে অন্য কারও হস্তক্ষেপ করা নিষিদ্ধ।
জেনিসের মুখে উৎকণ্ঠা স্পষ্ট হয়ে উঠল।
এদিকে টেলরের চোখ রক্তিম হয়ে উঠল। সে মুখের কাছে ধারালো নখ তুলে ধরল, যেন মুহূর্তের মধ্যেই আমার মুখ ক্ষতবিক্ষত করে দেবে।
“ওর মুখ থেকে নখ সরিয়ে নাও! নইলে তোমার চামড়া ছাড়িয়ে তা দিয়ে নিজের জন্য একটা কোট বানিয়ে নেব!”
মুহূর্তেই চারপাশের সবাই স্থির হয়ে গেল।
কণ্ঠস্বরটা…
গভীর, ভারী, খানিকটা কর্কশ অথচ অদ্ভুত মোহময়।
সেই মুহূর্তে আমার ভেতরে যেন বহুদিনের ঘুমিয়ে থাকা কিছু একটা জেগে উঠল।
“আলফা লিও!”
পরিচ্ছেদ: ৪
স্যার মার্টিনস ডেকে উঠলেন। “আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন?”
