হঠাৎ এমন টানে মালিকা নিজেকে সামলাতে পারল না। দুজন একসঙ্গে রাস্তার অন্য পাশে ছিটকে পড়ল। ততক্ষণে গাড়িটি তাদের পাশ কাটিয়ে চলে গেছে।
মালিকা হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেই মানুষটির দিকে। তাকে বাঁচাতে গিয়ে লোকটি নিজেই বেশ আঘাত পেয়েছে। রাস্তায় পড়ে যাওয়ায় দুই হাতের বিভিন্ন জায়গায় ছিল আঁচড়ের দাগ। অথচ মালিকার গায়ে সামান্য আঁচড়টুকুও লাগেনি।
নিজেকে সামলে লোকটির ওপর থেকে উঠে বসল সে। তারপর কাপড়চোপড় ঝেড়ে কপালে ভাঁজ ফেলে তাকাল তার দিকে।
বেশ সুদর্শন যুবকটি ঠোঁট চেপে ধরে রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। এখনো মাটি থেকে ওঠেনি।
“ওহে হ্যালো! মিস্টার হিরো! মেয়েদের ইমপ্রেস করার এ আবার কেমন কৌশল?”
হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ল মালিকা। তার কথায় যেন লোকটির ভেতরে ঘুমিয়ে থাকা সিংহকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু লোকটি তখনো একইভাবে তার দিকে তাকিয়ে আছে।
“মানলাম, আমাকে বাঁচিয়েছেন। কিন্তু তাই বলে নিজের জীবনের পরোয়া না করে এভাবে ঝুঁকি নেওয়ার কী দরকার ছিল? অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই বিপন্ন করে ফেলবেন?”
কথা শেষ করার আগেই লোকটি মুহূর্তের মধ্যে তার দুই বাহু শক্ত করে চেপে ধরে নিজের কাছে টেনে নিল। আকস্মিক এই আচরণে মালিকার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো।
লোকটি বরফশীতল কণ্ঠে বলল, “তোমার জীবন নয়, নিজের জীবনটাই বাঁচিয়েছি!”
কথাগুলো শুনে মালিকা যেন বাকরুদ্ধ হয়ে গেল। পরমুহূর্তেই তাকে এক ঝটকায় ছেড়ে দিয়ে চোখে সানগ্লাস পরল যুবকটি। তারপর একবারও পেছনে ফিরে না তাকিয়ে সেখান থেকে চলে গেল।
“মা, তুমি ঠিক আছ তো?”
ইকবাল আঙ্কেল দ্রুত তার কাছে ছুটে এলেন।
“ইকবাল আঙ্কেল, লোকটা কে ছিল? উনিই তো আমার জীবন বাঁচালেন!”
বিস্ময় আর কৌতূহল নিয়ে লোকটির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল মালিকা। একবারের জন্যও পেছনে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করেনি সে।
ইকবাল আঙ্কেল স্নেহ ও শ্রদ্ধামিশ্রিত কণ্ঠে বললেন,
“উনি… উনি তো আমাদের জিশান বাবাজি!”
মালিকা সঙ্গে সঙ্গে ঘুরে তাঁর দিকে তাকাল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল।
“জিশান?”
বিড়বিড় করে নামটা উচ্চারণ করল সে। তারপর আবারও পেছন ফিরে তাকাল।
“জি, মা। উনি আমাদের খানের ভাগনে। জিশান আরসাল খানজাদা!”
এবার পুরো পরিচয়টাও জানিয়ে দিলেন ইকবাল আঙ্কেল।
নামটা শোনামাত্রই যেন মালিকার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল।
“তুমি কী করছ? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরেকটু হলেই তো নিচে পড়ে যেতে!”
পরিচিত কণ্ঠ শুনে মালিকা মুখ তুলে তাকাল।
যে লোকটি তাকে গাছ থেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল, সেই লোকটিই এবার বিরক্ত মুখে তার দিকে তাকিয়ে আছে।
“এভাবে তাকিয়ে আছ কেন? আমার ওপর থেকে নামো!”
কপালে বিরক্তির ভাঁজ ফেলে চার বছরের মালিকাকে ধমক দিল সে।
মালিকা মুখ বাঁকিয়ে তার ওপর থেকে উঠে দাঁড়াল।
“আমি কি আপনাকে বলেছিলাম আমাকে বাঁচাতে?”
কোমরে দুই হাত রেখে ঝগড়াটে মেয়েদের মতো জবাব দিল সে।
“জিহ্বা সামলে কথা বলো! নইলে কেটে ফেলব!”
জিশান রীতিমতো গর্জে উঠল।
তার রক্তাভ চোখ দুটো দেখে ছোট্ট মালিকা সত্যিই ভয় পেয়ে গেল। মুহূর্তেই তার সাহসী ভাবটা উধাও হয়ে গেল।
“জিশান ভাইয়া, আমাকে এভাবে ভয় দেখাবেন না, প্লিজ!”
নিচের ঠোঁটটা অভিমানে সামান্য ফুলিয়ে কথাটা বলল সে। দেখতে তখন ভীষণ নিষ্পাপ লাগছিল তাকে।
তবে মালিকা আসলে কতটা নিষ্পাপ, তা জিশান আরসাল খানের চেয়ে ভালো আর কেউ জানত না।
“খবরদার! এরপর যদি আবার গাছে উঠেছ, তাহলে দুটো চড় বসিয়ে দেব! মাথা খারাপ নাকি তোমার?”
রাগ দেখিয়ে ছোট্ট মালিকাকে ধমক দিল জিশান। অথচ তার সেই রাগের আড়ালে যে গভীর স্নেহ লুকিয়ে ছিল, তা সে নিজেও বুঝতে পারেনি।
“আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ!”
চোখের মণিতে জল টলমল করছিল মালিকার। এমন মিষ্টি স্বরে কথাটা বলল, যেন জিশানের সব রাগ এক মুহূর্তেই গলিয়ে দিতে চায়।
জিশান পেছন ফিরে তাকাল সোনালি চুলের পুতুলের মতো মেয়েটির দিকে।
“তোমাকে নয়, নিজেকেই বাঁচিয়েছি!”
তোমার জীবন নয়, নিজের জীবনটাই বাঁচিয়েছি!
অতীতের সেই বিস্মৃত স্মৃতি হঠাৎ করেই মালিকাকে টেনে নিয়ে গেল বহু বছর আগের সেই দিনগুলোতে।
“মা! মালিকা! এসো, গাড়ি ঠিক হয়ে গেছে!”
ইকবাল আঙ্কেলের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে এল সে।
চোখ তুলে তাকাল সেদিকে, যেদিক দিয়ে একটু আগেই জিশান চলে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কখন যে কোথায় উধাও হয়ে গেছে, মালিকা টেরই পায়নি!
গাড়িতে ফিরে বসার পরও অজান্তেই তার চোখ এদিক-ওদিক খুঁজতে লাগল সেই মানুষটিকে। কত বছর পর আজ তার দেখা মিলল! অথচ দেখা দিয়েই যেন চোখের পলকে হাওয়া হয়ে গেল।
হঠাৎ করেই মনটা কেমন অস্থির হয়ে উঠল মালিকার। সিটে হেলান দিয়ে বসে সে শুধু জিশানের কথাই ভাবতে লাগল। সেই মানুষটিকে, যাকে সে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি জায়গায় খুঁজে ফিরেছে।
ছোটবেলায় এক-দুবার মায়ের কাছে তার কথা জানতে চেয়েছিল। কিন্তু মা প্রতিবারই প্রসঙ্গ এড়িয়ে গেছেন। কেউ জানত না জিশান আরসাল কোথায় আছে। ফুফু কোথায়? আরসাল আঙ্কেলই বা কোথায়? যাকেই জিজ্ঞেস করত, সেই এড়িয়ে যেত। একবার জেদ ধরে বারবার জানতে চাইলে উল্টো বকুনি খেতে হয়েছিল তাকে।
তারপর থেকে মালিকা আর কখনো তাদের প্রসঙ্গ তোলেনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে যে তাদের পুরোপুরি ভুলে গিয়েছিল, তা নয়। স্মৃতির পাতায় তারা ক্রমশ আবছা হয়ে এসেছিল, এই যা।
হঠাৎ একটা প্রশ্ন মাথায় আসতেই সে সোজা হয়ে বসল।
জিশান ভাইয়াও কি আমাকে চেনেন?
“ইকবাল আঙ্কেল?”
“জি, মা?”
“উনি কি আমাকে চেনেন?”
মালিকার এমন নিষ্পাপ প্রশ্ন শুনে ইকবাল আঙ্কেলের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল।
“তা তো অবশ্যই, মা! আপনাকে চিনবেন না কেন? আপনি আফতাব শের খানের মেয়ে, আর উনি তাঁরই ভাগনে। আমরা যেমন তাঁকে চিনি, তিনিও নিশ্চয়ই আপনাকে চেনেন।”
গাড়ি চালাতে চালাতেই বেশ স্নেহের সঙ্গে উত্তর দিলেন তিনি।
কথাটা শুনে মালিকার বুকের ভেতর আবারও ধুকপুকানি শুরু হলো।
তার মানে? তিনি যদি আমাকে চিনেই থাকেন, তাহলে আমার সঙ্গে কথা বললেন না কেন? আমাকে বললেন না কেন যে তিনিই সেই জিশান ভাইয়া?
প্রশ্নের পর প্রশ্নে মনটা আরও জট পাকিয়ে গেল তার।
ইকবাল আঙ্কেল বললেন, “মা, এসবের উত্তর তো আপনাকেই খুঁজে বের করতে হবে।”
বেশ কৌশলে নিজের দায় এড়িয়ে গেলেন তিনি। আসলে এসব ব্যাপারে জড়াতে তিনি একেবারেই রাজি নন।
“ওহ, নো! আবার সেই একই কাণ্ড!”
চারপাশে দুটি কালো গাড়ি দেখতে পেয়ে বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল মালিকা। তারপর সিটে হেলান দিয়ে বসল।
ইকবাল আঙ্কেল মুচকি হাসলেন।
আফতাব শের খান! নিজের মেয়ের ব্যাপারে এক মুহূর্তের জন্যও উদাসীন থাকতে পারেন নাকি? এরই মধ্যে নিরাপত্তারক্ষীরা গাড়িটিকে ঘিরে ফেলেছে। তাদের উপস্থিতিতে মালিকা কিছুটা নিশ্চিন্ত থাকলেও এখন আবার মুখ ভার করে জানালা দিয়ে গাড়ি দুটোর দিকে মুখ ভেংচাতে লাগল।
মেয়েটাই এমন!
হাসিখুশি, চঞ্চল, দুষ্টুমিতে ভরা। যেকোনো পরিস্থিতি মুহূর্তেই হালকা করে দিতে পারে। মায়ের ভীষণ আদরের মেয়ে, বাবার হৃদস্পন্দন আর ভাই মুনিসের চোখের মণি। খান ম্যানশনের প্রতিটি মানুষের প্রাণ জড়িয়ে আছে এই পুতুলের মতো মেয়েটির সঙ্গে।
আর সেই প্রাণের শান্তি কেড়ে নিতেই যেন ফিরে এসেছে একজন… জিশান আরসাল খানজাদা!
“স্যার, সব তথ্য এই খামের মধ্যে আছে।”
মির্জা জিশানের হাতে একটা খাকি রঙের খাম তুলে দিল। ইশারা পেয়েই সে সেখান থেকে চলে গেল।
জিশান খামটা খুলল। ভেতর থেকে প্রথমেই বেরিয়ে এল একটি ছবি।
ছবির মানুষটি একসময় ছিল তার হৃদস্পন্দন। যার জন্য তার হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন নিজের ছন্দ হারিয়ে ফেলত। জীবনে প্রথম যাকে দেখে তার মন ভালোবাসায় সাড়া দিয়েছিল, সেই প্রথম চাওয়া, প্রথম প্রেম—মালিকা আফতাব শের খান।
সেই মালিকাকেই তার মায়ের রক্তের ক্ষতিপূরণ হিসেবে তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়েছিল।
মুহূর্তেই জিশানের গাঢ় সবুজ চোখ দুটো রাগে রক্তবর্ণ হয়ে উঠল।
ছবিটা সরিয়ে রেখে খামের ভেতরে থাকা কাগজপত্রগুলো একে একে দেখতে লাগল সে। বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর মির্জাকে আবার ডেকে পাঠাল।
“আগামীকাল ওর সঙ্গে আমার একটা সাক্ষাতের ব্যবস্থা করো।”
দুই হাত কোমরে রেখে বরফশীতল কণ্ঠে নির্দেশ দিল জিশান।
“জ্বি, খান। আপনার হুকুমই শেষ কথা।”
মাথা নিচু করে উত্তর দিল মির্জা।
“তবে সাক্ষাৎটা একটু অন্যরকম হতে হবে।”
কথাটা বলে পেছন ফিরে এক চোখ টিপল জিশান।
মির্জা কিছুটা বিস্মিত, কিছুটা প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। জিশান তখন তাকে নিজের পুরো পরিকল্পনাটা বুঝিয়ে দিল।
সব শুনে মির্জা একটু ইতস্তত করে বলল, “কিন্তু খান, বিবি সাহেবার সঙ্গে তো সব সময়ই দেহরক্ষীরা থাকে। আফতাব শের খান তাঁর পরিবারের ব্যাপারে এক মুহূর্তের জন্যও অসতর্ক থাকেন না। নিজের ছেলেমেয়েদের নিরাপত্তার বিষয়ে তিনি ভীষণ সতর্ক।”
“কিন্তু কাল ঠিকই হবে। আর তাকে অসতর্ক করার দায়িত্ব তোমার। আমি যেভাবে বলেছি, সাক্ষাৎটা ঠিক সেভাবেই হবে।”
জিশান চোখ সরু করে সামনের দেয়ালে টাঙানো আফতাব শের খানের ছবির দিকে তাকাল।
সেখানে শুধু আফতাব শের খানের ছবিই ছিল না। তাঁর স্ত্রী কানওয়াল, ছেলে মুনিস আর মেয়ে মালিকার ছবিও পাশাপাশি সাজানো ছিল। তবে মালিকার ছবিটি ছিল তার ছেলেবেলার।
জিশান এগিয়ে গিয়ে দেয়াল থেকে মালিকার সেই পুরোনো ছবিটি নামিয়ে ফেলল। তার জায়গায় টাঙিয়ে দিল বর্তমানের ছবিটি। তারপর ধীরে ধীরে দেয়াল থেকে দূরে সরে এল।
মির্জা ততক্ষণে চলে গেছে। জিশান যা করতে বলেছে, তাকে ঠিক সেটাই করতে হবে। কারণ জিশান আরসাল খানজাদা নিজের দেওয়া কথা রাখার জন্য যেকোনো সীমা অতিক্রম করতে পারে।
একটি তীর হাতে তুলে নিল সে। সামনে দেয়ালে টাঙানো মালিকার ছবিটিকে লক্ষ্য স্থির করল। নিশানা সোজা তার কপালে।
তীর ছুটে গিয়ে ঠিক কপালেই বিঁধল।
“এবার তোমাকে দেখাব, আফতাব শের খান! কীভাবে তুমি আমার মায়ের খুনিকে আশ্রয় দিয়েছিলে, কীভাবে তাকে বাঁচিয়েছিলে!”
জিশানের মনের ভেতর জমে থাকা ক্ষোভ যেন কথার সঙ্গে সঙ্গে আগুন হয়ে বেরিয়ে আসছিল।
“আজ থেকে চৌদ্দ বছর আগে নিজের ভাই শহির খানজাদাকে বাঁচাতে তুমি তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলে। ভেবেছিলে, মায়ের রক্তের বদলে মেয়েকে আমার হাতে তুলে দিলেই সব হিসাব মিটে যাবে? কিন্তু তুমি কি জানো, রক্তের বদলা বলতে আসলে কী বোঝায়? খুব শিগগিরই তোমাকে আর তোমার মেয়েকে তা বুঝিয়ে দেব। এমন অবস্থা করব যে, নিজের সিদ্ধান্তের জন্য তুমি নিজেই অনুতপ্ত হবে। যে দিন একটা খুনির পক্ষ নিয়েছিলে, সেই দিনটাকে অভিশাপ দেবে!”
Just wait and watch!
মনে মনে আফতাব শের খানকে উদ্দেশ করে কথাগুলো বলল জিশান।
নিজের পরিকল্পনা নিয়ে সে তখন ভীষণ সন্তুষ্ট। অথচ ভাগ্য তার জন্য কী ভয়ংকর খেলা সাজিয়ে রেখেছে, সে সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই।
সে যাকে ঘৃণা ভেবে নিজের হৃদয়ে লালন করছে, সেই ঘৃণাই কখন আবার ভালোবাসার আগুনে রূপ নেবে, তা সে জানে না। যে ভালোবাসার দাবানল একদিন তার শরীরের প্রতিটি শিরায় ছড়িয়ে পড়বে, পুড়িয়ে দেবে তার অস্তিত্বের প্রতিটি অংশ। আর সেই আগুনেই একসময় গলে নিঃশেষ হয়ে যাবে তার বুকের গভীরে জমে থাকা সমস্ত ঘৃণা!
পর্ব: ৩
“আরে মাম্মা! ফর গডস সেক! প্লিজ, এত চিন্তা করো না। আমি কি আর ছোট্ট বাচ্চা যে হারিয়ে যাব?”
