আজ পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। ফিজা তাদের সঙ্গে আগেই কথা বলে রেখেছেন। হানিকেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিয়ে ঠিক হয়েই যাবে। তাই এখন থেকেই নিজের মনকে প্রস্তুত করে নিতে হবে। ছেলেপক্ষের আসাটা কেবল আনুষ্ঠানিকতা। বিয়ের সিদ্ধান্ত তাঁরা আগেই নিয়ে ফেলেছেন।
হানি কোনো প্রতিবাদ করেনি। নীরবে মায়ের সিদ্ধান্ত মেনে নিয়েছে।
কিছুক্ষণের মধ্যেই মামা-মামির পরিবারেরও পৌঁছানোর কথা। তাঁদের জন্যও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আসলে তাঁদের গতকালই চলে আসার কথা ছিল। কিন্তু জামিলা খাতুনের হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেদিন আর আসা হয়নি। আজ তাঁরা আসছেন।
“হানি!”
নিজের ঘরে একা বসে মোবাইলের দিকে তাকিয়ে ছিল হানি। কে জানে, এখনো কারও অপেক্ষায় ছিল কি না! ডাক শুনে চমকে উঠল।
মিনহা ও আয়েশা ঘরে ঢুকেছে। দুজনই পালা করে হানিকে জড়িয়ে ধরল।
“মাশাআল্লাহ! তোমাকে কী সুন্দর লাগছে! একেবারে রূপ ফুটে উঠেছে!”
স্নেহভরে বলল মিনহা।
ঠিক তখনই শিজাও ঘরে এল। সেও হানির মাথায় হাত বুলিয়ে আদর করল। দেখতে দেখতে ঘরটা মেয়েদের আড্ডায় সরগরম হয়ে উঠল। মিনহা আলিজার সঙ্গে হানির পরিচয় করিয়ে দিল। হানিও খুব আনন্দের সঙ্গে তার সঙ্গে পরিচিত হলো।
“চলো মেয়েরা, এবার বাইরে এসো। ছেলেপক্ষ যেকোনো সময় চলে আসবে। ফুফুর সঙ্গে একটু হাত লাগাও, কিছু প্রস্তুতি বাকি আছে।”
তাবি ঘরে ঢুকে সবাইকে বলল। মেয়েরা হাসিমুখে বাইরে চলে গেল। তবে আলিজা সেখানেই বসে রইল। সরল, মিষ্টি স্বভাবের হানিকে তার বেশ ভালো লেগেছে।
তাবি তখন হানিকে কিছু উপদেশ দিচ্ছিল, আর সে চুপচাপ শুনছিল।
কথায় কথায় সময় যে কখন পেরিয়ে গেল, কেউ টেরই পেল না। হঠাৎ বাইরে হৈচৈ শুরু হলো। ছেলেপক্ষ এসে গেছে!
হানির বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। পরমুহূর্তেই তার মনে হলো, কেউ যেন মুঠোর মধ্যে তার হৃদয়টা চেপে ধরেছে।
মুয়াবিয়া এগিয়ে এসে আফতাবের সামনে দাঁড়াল।
“আফতাব আঙ্কেল!”
খুব বিনয়ের সঙ্গে ডাকল সে।
“মুয়াবিয়া!”
আফতাব তাকে বুকে টেনে নিলেন। মুয়াবিয়াও তাঁকে জড়িয়ে ধরে যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল।
কানওয়াল দুজনের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন।
“কেমন আছ? আর বাড়ির সবাই কেমন আছে?”
আফতাব নিজের স্বভাবের সম্পূর্ণ বিপরীতে গিয়ে অত্যন্ত স্নেহভরে জানতে চাইলেন।
একসময় তিনি মনে মনে ঠিক করেছিলেন, শহিরের সঙ্গে তো কোনো সম্পর্ক রাখবেনই না, এমনকি তার পরিবারের সঙ্গেও নয়। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত শুধু মনেই রয়ে গেছে, বাস্তবায়ন করতে পারেননি।
“সবাই ভালো আছে, আঙ্কেল।”
মুয়াবিয়া মাথা নিচু করে জবাব দিল। তার ভঙ্গিতে যেন বাবার কৃতকর্মের জন্য একধরনের অপরাধবোধ প্রকাশ পাচ্ছিল। আফতাব ও কানওয়াল দুজনেই তা বুঝতে পারলেন।
কানওয়াল ইশারায় আফতাবকে তাকে সান্ত্বনা দিতে বললেন।
“এসো, আমার সঙ্গে এসো।”
মুয়াবিয়াকে নিয়ে ড্রয়িংরুমের দিকে এগিয়ে গেলেন আফতাব।
এমন সময় তৈরি হয়ে মুনিসকে আসতে দেখা গেল।
“চলো মা, অনেক দেরি হয়ে গেছে। দাদি আর মালিকা কোথায়?”
তাড়াহুড়ো করে জানতে চাইল সে।
মালিকা ও তাবাসসুম বেগমের বাড়ি ছেড়ে চলে যাওয়া এবং পরে ফিরে আসার পুরো ঘটনা মুনিস জেনে গেছে। তার দৃঢ় বিশ্বাস, তার বাবা নিশ্চয়ই এই সমস্যার সমাধানে ভালো কিছু ভেবে রেখেছেন। আপাতত নিজের বিষয়েই মন দিতে চায় সে।
“দাদি আর মালিকা আজ যাচ্ছে না, বাবা। দাদির শরীরটা ভালো নেই। আর মালিকাও তাঁর কাছে থাকতে চায়। পরে কোনো একদিন যাবে।”
শান্তভাবে বুঝিয়ে বললেন কানওয়াল।
মুনিস ঠোঁট চেপে ধরল। তবে আর কিছু বলল না।
“আর বাবা? তিনিও কি যাবেন, নাকি তাঁরও কোনো সমস্যা হয়েছে?”
মায়ের সঙ্গে বরাবরই একটু রুক্ষ স্বরে কথা বলে মুনিস। বলা যায়, নিজের সব রাগ আর হতাশা সে মায়ের ওপরই ঝেড়ে ফেলে। বাবার সামনে অবশ্য তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না।
“না, তাঁর তেমন কোনো সমস্যা নেই। তবে একটা কথা আছে। তাঁর এক ছেলে এসেছে। মুয়াবিয়া। তোমার ভাই। বিদেশ থেকে এসেছে। তোমারও ওর সঙ্গে দেখা করা উচিত।”
কানওয়ালের কণ্ঠে ছিল অফুরন্ত স্নেহ।
“কী!”
মুনিসের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল।
“বাবা আবার কবে বিয়ে করলেন?”
কানওয়াল কপালে হাত ঠেকালেন। তারপর শহির ও আনাবিয়ার ব্যাপারটা সংক্ষেপে তাকে বুঝিয়ে বললেন।
মুনিস ঠোঁট চেপে ধরে বলল, “ওই মুয়াবিয়া? যার বাবার অপরাধের শাস্তি হিসেবে আমার বোনকে বলি দেওয়া হচ্ছে?”
ঠিক তখনই আফতাব ও মুয়াবিয়া ভেতরে ঢুকছিলেন। দুজনের কানেই কথাটা গেল। তাঁদের পা থমকে গেল।
আফতাবের রাগ মুহূর্তেই বেড়ে উঠল।
“মুনিস!”
বাবার ডাক শুনে ঘুরে দাঁড়াল সে। কানওয়ালও তাঁদের দিকে তাকালেন। আফতাবের রাগের ধরন তিনি ভালো করেই জানেন। তাই ইশারায় তাঁকে শান্ত হতে বললেন। আজকের দিনটা মুনিসের জন্য খুবই বিশেষ। তিনি চাননি, বাবা-ছেলের মধ্যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক। বিশেষ করে এমন একটা দিনে, যখন সবকিছু ভালোভাবেই এগোচ্ছিল।
“আমার মনে হয়, আমাদের এবার বের হওয়া উচিত। অনেক দেরি হয়ে যাচ্ছে। বাকি কথা ফিরে এসে বলবেন।”
আফতাবের কাছে এসে তাঁর বাহুতে আলতো চাপ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন কানওয়াল।
আফতাব দীর্ঘশ্বাস ফেললেন। তারপর মুয়াবিয়াকে সঙ্গে নিয়ে বাইরে যাওয়ার জন্য এগিয়ে গেলেন।
“ও-ও কি আমাদের সঙ্গে যাবে?”
মুখ বাঁকিয়ে প্রশ্ন করল মুনিস।
কানওয়াল চোখ রাঙালেন। তারপর তার হাত ধরে বাকিদের পেছন পেছন বেরিয়ে গেলেন।
সবাইকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্বাগত জানানো হলো। কিন্তু শাহ মীর ও আবির মামিকে সামনে দেখে মুয়াবিয়ার বিস্ময়ের সীমা রইল না। তাঁরা দুজনও মুয়াবিয়াকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন।
শাহ মীর মুয়াবিয়ার সঙ্গে কুশল বিনিময় করে আফতাবের দিকে এগিয়ে গেলেন।
“কেমন আছেন, খান ভাই?”
শামির কণ্ঠে ছিল গভীর আকুলতা, বহুদিনের জমে থাকা এক চাপা কষ্ট।
“আল্লাহর রহমতে ভালো আছি।”
গম্ভীরভাবে উত্তর দিলেন আফতাব।
তাঁর আচরণে স্পষ্ট বিরক্তি ছিল। আর সেটা অস্বাভাবিকও নয়। এতগুলো বছর কেউ তাঁকে বোঝার চেষ্টা করেনি। প্রত্যেকে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছে, নিজের মতো করে কাজ করেছে। কেউ একবারও ভাবেনি, সামনে দাঁড়িয়ে আছেন আফতাব শের খান! যিনি একদিকে নিজের বোনের মৃত্যুর শোক ভুলতে পারেননি, অন্যদিকে যাঁর কাছে বাকি ভাইবোনেরাও ছিল অত্যন্ত প্রিয়, নিজের পরিবারেরই অংশ।
কিন্তু তাঁর অনুভূতির মূল্য কেউ দেয়নি। আনাবিয়া ও শহির দেশ ছেড়ে চলে যাওয়ার পর শাহ মীরও তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।
আজ এত বছর পর আবার তাঁদের দেখা হলো। আর তার কারণ একমাত্র মুনিস।
মুনিসের পছন্দ ফিজা আপির সবচেয়ে ছোট মেয়ে হানি। ছেলের পছন্দের কথা শুনে তাঁরা এক মুহূর্তও দেরি করেননি। সবার আগে মিকাইলের সঙ্গে দেখা করে মুনিসের পছন্দের কথা জানিয়েছিলেন। এরপর কানওয়ালকে ফিজার সঙ্গে পরিচয় করিয়ে দেন। দুই পরিবার দেখা করে বিয়ের প্রস্তাব চূড়ান্তও করে ফেলেছে। তবে আফতাব অপেক্ষা করছিলেন মুনিসের সম্মতির জন্য, যাতে আনুষ্ঠানিকভাবে পরবর্তী কথাবার্তা এগিয়ে নেওয়া যায়।
আজ তাঁরা নিজেদের পক্ষ থেকে ছোটখাটো একটি অনুষ্ঠান করতে চেয়েছিলেন। কিন্তু মালিকা ও তাবাসসুম বেগমের অনুপস্থিতিতে আপাতত শুধু বিয়ের কথা পাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ওয়াহাজ আফতাবের সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলছিল। মুনিসও তাদের পাশে ছিল। অন্যদিকে মুয়াবিয়া শাহ মীরের কাছে দাঁড়িয়ে নিজের পক্ষের কথাগুলো বোঝানোর চেষ্টা করছিল। কাউকে কিছু না জানিয়ে এভাবে চলে আসায় শাহ মীর তাকে কিছুটা জবাবদিহি করাচ্ছিলেন।
ঠিক তখনই আলিজা, মিনহা ও শিজা হানিকে নিয়ে নিচে নেমে এল।
ভয়ে কাঁপছিল মেয়েটি। এক পাশে মিনহা, অন্য পাশে শিজা তাকে ধরে রেখেছিল। সবাইয়ের সামনে এনে বসানোর পর পরিবারের নারীরাও সেখানে এসে জড়ো হলেন।
হানি কিছুতেই চোখ তুলে তাকাতে পারছিল না। অথচ একবার চোখ তুলে সামনে তাকালেই হয়তো নিজের ভাগ্যের ওপর তার ভালোবাসা জন্মে যেত!
“মাশাআল্লাহ! কী সুন্দর লাগছে তোমাকে!”
স্নেহভরে বললেন কানওয়াল।
মুনিস আড়চোখে একবার হানির দিকে তাকাল। সেও তো তাকে কিছু জানায়নি। তবে তার ধারণা ছিল, হানির বাবা-মা নিশ্চয়ই তাকে সবকিছু জানিয়ে দিয়েছেন। সে জানত না, হানির কাছে পুরো ব্যাপারটাই এখনো এক বিস্ময়।
দুই পরিবারের সম্মতিতে বিয়ের সম্বন্ধ চূড়ান্ত হয়ে গেল।
কানওয়াল নিজের হাতে হানির আঙুলে একটি আংটি পরিয়ে দিলেন। ছেলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বন্ধনে বাঁধার জন্যই এই আয়োজন।
দোয়া করার জন্য সবাই হাত তুলল। ঠিক তখনই কারও দৃষ্টির তীব্রতা অনুভব করে হানি ধীরে ধীরে চোখ তুলে সামনে তাকাল।
আর তাকিয়েই যেন তার চোখের পলক পড়তে ভুলে গেল।
সামনেই বসে আছে মুনিস, পূর্ণ আভিজাত্য আর আত্মবিশ্বাস নিয়ে!
ইতিমধ্যে সবাই দোয়া শেষ করে আমিন বলে ফেলেছে। অথচ হানির হাত তখনো মোনাজাতের ভঙ্গিতেই তোলা।
মুনিস গোপনে মুচকি হেসে এক চোখ টিপল। হানি চমকে উঠল।
সবাই একে অপরকে অভিনন্দন জানাতে ব্যস্ত হয়ে পড়ল। হানিকেও শুভেচ্ছা জানানো হচ্ছিল। সে তখনো হতভম্ব হয়ে একবার এদিক, একবার ওদিক তাকাচ্ছিল।
ফিজা মেয়ের পাশে এসে বসলেন। স্নেহভরে তার কপালে চুমু দিয়ে জানতে চাইলেন, “কী হলো? সারপ্রাইজটা কেমন লাগল?”
মেয়ের মুখে আনন্দের ছাপ দেখে তাঁর নিজেরও মন ভরে গেল।
“মা!”
হানির চোখে পানি জমে উঠল।
ফিজা তাকে বুকে টেনে নিলেন।
“থ্যাংক ইউ, মা! থ্যাংক ইউ!”
হানি যেন বুকভরে স্বস্তি পেল। সবাই তাকে মিষ্টিমুখ করাল। মুনিস ও হানিকে পাশাপাশি বসিয়ে ছবিও তোলা হলো।
এই পুরো সময়টায় আলিজা বারবার কারও দৃষ্টি নিজের ওপর অনুভব করছিল। আর সেই মানুষটি আর কেউ নয়, ওয়াহাজ।
একসময় দুজনের চোখাচোখি হলো। আলিজার বুকের ভেতর ধক করে উঠল। সে তাড়াতাড়ি সেখান থেকে সরে গেল। আর তার চলে যাওয়া দেখে ওয়াহাজের মন অস্থির হয়ে উঠল।
অন্যদিকে মুয়াবিয়া মিনহাকে দেখামাত্রই চোখ ফিরিয়ে নিল। এমন ভাব করল, যেন মেয়েটিকে সে চেনেই না।
মুয়াবিয়ার এই আচরণ মিনহার মনে বিঁধল।
তাহলে কি সে সত্যিই ভালোবেসেছিল? নাকি সবটাই ছিল ক্ষণিকের মোহ?
নিজেকেই প্রশ্ন করল মিনহা। মুয়াবিয়ার এমন অবহেলা তাকে ভীষণ কষ্ট দিল। রাগে-দুঃখে সে অনুষ্ঠান ছেড়ে বাইরে বাগানে চলে এল।
“এটাই কি ভালোবাসা? ভালোবাসা কি এমন হয়? এত তাড়াতাড়িই ভালোবাসার ভূত মাথা থেকে নেমে গেল?”
তিক্ত স্বরে বিড়বিড় করে মাথা ঝাঁকাল সে।
সামনের গাছপালার দিকে তাকিয়ে ছিল মিনহা। হঠাৎ তার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল।
“গল্প শুনেছ? গল্প শোনো… আমার প্রেম হয়েছিল, ভালোবাসার স্বীকারোক্তিও দিয়েছিলাম…”
পেছন থেকে মুয়াবিয়ার কণ্ঠ শুনে চমকে উঠল সে। ঝট করে ঘুরে দাঁড়াল।
“কী খবর?”
জিশান আরসালকে ফোন করেছিল তার এক বিশ্বস্ত লোক।
“স্যার, শুনেছি আপনার শত্রু পাকিস্তানে আসছে!”
এই খবরটাই শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল জিশান।
গভীর নিশ্বাস নিয়ে সে প্রশান্তিতে চোখ বন্ধ করল।
“ওরা পাকিস্তানের মাটিতে পা রাখামাত্রই আমার কাছে নিয়ে আসবে।”
পরবর্তী নির্দেশ দিল জিশান।
“জি, বস!”
ফোন কেটে মোবাইলটা দূরের বিছানায় ছুড়ে ফেলল সে।
“চৌদ্দ বছর পর আবার স্বাগতম…”
নিজের মনেই কথাটা বলল জিশান।
তারপর গাড়ির চাবি তুলে নিয়ে গন্তব্যের উদ্দেশে বেরিয়ে পড়ল।
পর্ব: ২৮
মালিকা অস্থির হয়ে বারবার এপাশ-ওপাশ করছিল। অনেকক্ষণ ধরে সে তাবাসসুম বেগমের কাছেই বসে ছিল। তাঁর শরীরের অবস্থা এখন কিছুটা ভালো হলেও মালিকা তাঁকে ছেড়ে উঠতে চাইছিল না। দাদির প্রতি তার এক গভীর মায়া ছিল, নিজের মা-বাবার চেয়েও হয়তো বেশি। তাবাসসুম বেগম দু-তিনবার তাকে গিয়ে বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু প্রতিবারই সে কোনো না কোনো অজুহাতে কথাটা এড়িয়ে গেছে।
