খান বেগম গয়নার দোকানের দিকে এগিয়ে যেতেই শায়ান সম্বলের সামনে এসে তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে টোকা দেওয়ার ভঙ্গিতে তাকে বাস্তবে ফিরিয়ে আনল।
সে জিজ্ঞেস করল, “বুঝেছ?”
সম্বল ঘাবড়ে গিয়ে দ্রুত জবাব দিল, “জি… জি।”
শায়ান নির্দেশ দিল, “যাও, মায়ের কাছে যাও।”
সম্বল সঙ্গে সঙ্গে তার নির্দেশ পালন করল। আর শায়ান একটি দীর্ঘশ্বাস ফেলে মাহিনের দিকে এগিয়ে গেল। মাহিন তখনও একের পর এক ফোন করেই চলেছে।
“শায়ান, তুমি সত্যিই ওই মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? যার সাজপোশাকের ন্যূনতম রুচিটুকুও নেই?”
তারা তখন ফুডকোর্টে বসে ছিল। মাহিন সম্বলকে খোঁচা দিয়ে কথাটা বলতেই শায়ান বিরক্ত হয়ে উঠল।
সে দুহাত টেবিলের ওপর রেখে ঝাঁঝালো কণ্ঠে বলল, “প্লিজ মাহি! এবার এসব উদ্ভট কথা বন্ধ করো। সেই কখন থেকে তোমার মুখে শুধু সম্বল-পুরাণ শুনতে শুনতে আমি ক্লান্ত!”
মাহিন অবশ্য তার রাগকে মোটেও পাত্তা দিল না। হালকা হেসে বলল, “এত উত্তেজিত হচ্ছ কেন, শায়ান? আমি তো এমনি বলছিলাম। মেয়েটা কতটা গেঁয়ো, একবার ভেবে দেখো! ওই অশিক্ষিত মেয়েকে নিয়ে তুমি সমাজে চলাফেরা করবে কীভাবে? যে সব সময় নিজেকে চার গজের চাদরে মুড়ে রাখে!”
শায়ান এবার আর সহ্য করতে পারল না। কপালে ভাঁজ ফেলে গর্জে উঠল, “ব্যস, অনেক হয়েছে! আমার মনে হয়, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত।”
শায়ানের মুখে অসন্তোষের ছাপ আরও স্পষ্ট হয়ে উঠতে দেখে মাহিন দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, “আচ্ছা, আচ্ছা! সরি, সরি! আর এমন বলব না। এবার থেকে শুধু আমাদের নিজেদের কথা বলব।”
কথাটা বললেও শায়ানের ধূসর চোখে তখনো তীব্র বিরক্তি। সে আপাতদৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে থাকলেও মনে মনে সম্বল আর মাহিনের ব্যক্তিত্বের তুলনা করছিল।
মাহিন আবার শুরু করল, “আচ্ছা, বলো তো! আমাদের বিয়েতে কোথা থেকে কেনাকাটা করাবে আমাকে? আগে থেকেই বলে রাখছি, শায়ান, আমাদের বিয়ের পোশাকটা আমি কোনো ভারতীয় ডিজাইনারকে দিয়ে তৈরি করাব। আর বাকি কেনাকাটা করব দুবাই থেকে।”
মাহিন একের পর এক নিজের পরিকল্পনার কথা বলে যাচ্ছিল। কিন্তু শায়ানের দৃষ্টি আটকে ছিল তার অনাবৃত বাহুর দিকে। আশপাশে বসে থাকা অনেকের চোখও মাহিনের ওপর নিবদ্ধ ছিল। ব্যাপারটা তার মোটেও ভালো লাগল না। বিরক্তি নিয়ে সে হঠাৎ উঠে দাঁড়াল।
শায়ানকে এভাবে উঠে দাঁড়াতে দেখে মাহিনও উঠে পড়ল। সে জিজ্ঞেস করল, “কী হলো?”
পর্ব: ১৫
শায়ান তার হাত ধরে বলল, “চলো, এখান থেকে।”
