মহিলাটি মঞ্চ থেকে নেমে যেতেই সম্বল অসন্তুষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, “এ কথার মানে কী?”
শায়ান রাগে মাথা ঝাঁকিয়ে তাকে ধমক দিল, “মুখ বন্ধ রাখো। কথা বলার যতটুকু অনুমতি দিয়েছি, সেটাই তোমার জন্য যথেষ্ট। আমার সঙ্গে আর কখনো এভাবে মুখে মুখে তর্ক করবে না। বুঝেছ?”
কথা শেষ করে সে মঞ্চ থেকে নেমে সোজা এগিয়ে গেল নিজের বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠিনীর দিকে। মেয়েটি হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে ছিল। সম্ভবত কিছুক্ষণ আগেই অনুষ্ঠানে যোগ দিয়েছে।
ওদিকে নববধূর সাজে বসে থাকা সম্বল নিজের চোখের পানি আর আড়াল করতে পারল না। শায়ানের এমন অবহেলা তার বুকের ভেতরটা আরও ভারী করে তুলল।
অনুষ্ঠান চলল গভীর রাত পর্যন্ত। সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। একে একে অতিথিরা নিজেদের কক্ষে ফিরে বিশ্রাম নিতে গেল। সবার কাছ থেকে কোনো রকমে রেহাই পেয়ে রাত প্রায় দুটার দিকে শায়ান নিজের ঘরে ঢুকল। তার নির্দেশমতো সম্বল এরই মধ্যে তাদের দুজনের শহরে যাওয়ার প্রস্তুতি গুছিয়ে ফেলেছে।
শায়ান ড্রেসিংরুম থেকে সাধারণ পোশাক পরে বেরিয়ে এসে সম্বলকে জিজ্ঞেস করল, “প্যাকিং শেষ?”
সম্বল তার দিক থেকে চোখ ফিরিয়ে সংক্ষেপে জবাব দিল, “জি, করে ফেলেছি।”
নিজের এমন অবহেলা শায়ানের মোটেও ভালো লাগল না। বিরক্ত মনে সে ভাবল, ‘জানি না, এই মূর্খ মেয়েটা নিজেকে কী মনে করে!’ একবার সম্বলের আপাদমস্তক দেখে সে আবার বিরক্তিতে মাথা ঝাঁকাল।
শায়ান বলল, “তোমার সব প্রয়োজনীয় কাগজপত্র আর জিনিসপত্র সঙ্গে নিয়ো। কারণ তোমাকে বারবার এখানে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব হবে না। শহরে গিয়ে ঘরে বসে থাকার দরকার নেই, পড়াশোনা শেষ করবে।”
ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল সম্বল। শায়ানের কথা শুনে তার হাত মাঝপথেই থেমে গেল।
সম্বল অনেক কষ্টে নিজেকে সংযত রেখে বলল, “আমি আপনাকে আগেই জানিয়েছি, আবারও বলছি, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি।”
শায়ান আর কোনো কথা শুনতে চাইল না। বিরক্ত হয়ে বলল, “বেশি বুদ্ধি খাটানোর দরকার নেই। যা বলেছি, ঠিক তা-ই করবে। ঘরের বাতি নিভিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সকালে খুব ভোরে শহরের উদ্দেশে রওনা হতে হবে।”
কথা শেষ করে শায়ান ড্রেসিংরুমে গিয়ে রাতের পোশাক পরে বিছানায় শুয়ে পড়ল। সম্বল নীরবে আয়নার দিকে তাকিয়ে রইল। আয়নায় শায়ানের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। মানুষটা আসলে কী চাইছে, তা কিছুতেই বুঝে উঠতে পারছিল না সে।
ভোরের আলো ফুটতে শুরু করেছে খান হাভেলিতে। বাড়ির বাসিন্দারা অবশ্য প্রতিদিনের অভ্যাসমতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলেন। তবে অনেক অতিথি তখনো ঘুমাচ্ছিলেন।
পর্ব: ৪
জুবায়ের খানজাদার ছিল তিন ছেলে। আসফান্দিয়ার খানজাদা, মুহসিন খানজাদা এবং সবার ছোট শায়ান জুবায়ের খানজাদা। এ ছাড়া ছিল এক মেয়ে। কয়েক মাস আগেই জুবায়ের সাহেব মারা গেছেন। দুই বড় ছেলে বিয়ের পর স্ত্রী-সন্তানদের নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। আর ছোট মেয়ে নাজলিনের বিয়ে হয়েছিল কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করার পরপরই, প্রায় এক বছর আগে।
