আগা ভাই অনুসন্ধানী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, “ব্যস, এই একটাই কারণ? আমাদের কাছ থেকে আর কিছু লুকাচ্ছ না তো?”
শায়ান দ্রুত সায় দিয়ে বলল, “জি, জি! এটাই একমাত্র কারণ।”
দুই ভাইয়ের কথোপকথনের মাঝখানে খান বেগম নীরবে বসে সব শুনছিলেন।
আগা সাহেব এবার মায়ের দিকে ফিরে বললেন, “আম্মা জান, খালাকে বলবেন বিয়ের প্রস্তুতি নিতে। আগামী মাসেই আমরা বরযাত্রী নিয়ে যাচ্ছি। কালই সম্বলকে এই অপদার্থের নামে আংটি পরিয়ে আসবেন।”
আগা ভাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত শুনে শায়ানের বিস্ময়ে মুখ হাঁ হয়ে গেল।
সে কিছু বলতে যাচ্ছিল, “কিন্তু এটা কী…”
আগা ভাই তাকে থামিয়ে দিয়ে কঠোর কণ্ঠে বললেন, “চুপ! বিয়ে না করার পক্ষে তোমার কাছে কোনো গ্রহণযোগ্য কারণ নেই। তোমার এই ছেলেমানুষির কারণে আমাদের পরিবারের মেয়েটার জীবন নষ্ট হতে দিতে পারি না। তার সঙ্গে তো তোমার ছোটবেলার বাগদানও হয়ে আছে।”
তাঁর সিদ্ধান্ত শুনে খান বেগমের মুখে আনন্দের হাসি ফুটে উঠল।
বাবার মৃত্যুর পর থেকেই আসফান্দিয়ার পরিবারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তাই পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোও তিনিই নিতেন।
শায়ান আর নিজেকে সামলাতে পারল না। ভাইয়ের পায়ের কাছে বসে অনুনয় করে বলল, “কিন্তু আগা জান, অন্তত আমার কথাটা বোঝার চেষ্টা করুন!”
আসফান্দিয়ার তাকে কাঁধ ধরে তুলে নিজের সামনে দাঁড় করালেন। তারপর কঠোর স্বরে বললেন, “শায়ান খানজাদা, তুমি কে, তোমার নাম, পরিচয় আর মর্যাদা কী, সেটা যত তাড়াতাড়ি বুঝতে শিখবে, তোমার জন্য ততই ভালো। মেয়েটা এতগুলো বছর শুধু তোমার নামের ভরসায় অপেক্ষা করে আছে। একজন পাঠান কখনো নিজের দেওয়া কথা থেকে সরে আসে না।”
বড় ভাইয়ের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে শায়ান আর কোনো কথা বলল না। চোয়াল শক্ত করে ঠোঁট চেপে রইল।
আসফান্দিয়ার তার কাঁধে হাত রেখে বললেন, “এবার তোমার কাছ থেকে আর কোনো অজুহাত শুনতে চাই না। এসব ছেলেমানুষি বন্ধ করো।”
কথা শেষ করে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন।
শায়ান হতাশ মুখে খান বেগমের পাশে এসে বসল। খান বেগম তখনও তাঁর ভাগনির গুণগান করে চলেছেন। কিন্তু সেসব কথায় শায়ানের বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তার সব চিন্তাজুড়ে তখন শুধু নিজের ভালোবাসা, মাহিন।
পর্ব: ৯
হালকা গোলাপি রঙের সাদামাটা শিফনের পোশাক পরেছিল সম্বল। পোশাকটিতে রুপালি সুতার সূক্ষ্ম কাজ। মুখে খুশির আভা, চোখেমুখে আনন্দের দীপ্তি নিয়ে সে বসেছিল নিজের খালার পাশে। আজ খান বেগম এসেছেন শায়ান খানজাদার নামে তাকে আংটি পরাতে। পাশাপাশি আগামী মাসে বিয়ের তারিখও চূড়ান্ত করতে চান তিনি।
