সম্বলের গ্রামের ছোট্ট বাড়িটিতে তখন হাভেলির অনেক মানুষ উপস্থিত। এই বাড়িটুকুই ছিল সম্বল ও তার মায়ের একমাত্র সম্বল। সামনে রাখা টেবিলে সাজানো ছিল নানা রকমের মিষ্টি আর ফলের ঝুড়ি। বিয়ের শুভেচ্ছা ও শগুন হিসেবে এসব নিয়ে এসেছিলেন তাঁরা।
খান বেগম সম্বলকে বুকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বললেন, “ব্যস মা, এবার তাড়াতাড়ি খান হাভেলিতে আসার প্রস্তুতি নে। আমি তো চাই, যত দ্রুত সম্ভব তোকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে।”
সম্বলের মা তাঁদের পাশে বসে হেসে বললেন, “আরে আপা জান, ও তো এমনিতেই আপনাদের। চিন্তা করছেন কেন? যখন ইচ্ছে হয়, নিয়ে যাবেন।”
কথাটা শুনে সম্বল লাজুকভাবে মৃদু হাসল।
খান বেগম সম্বলের হ্রদের মতো গভীর চোখ আর নত পাপড়ির দিকে তাকিয়ে মনে মনে দোয়া করলেন, “আল্লাহ যেন সেই দিনটা তাড়াতাড়ি এনে দেন, যেদিন আমাদের মেয়েটা চিরদিনের জন্য এই পরিবারের অংশ হয়ে আসবে। আমাদের শায়ানের স্ত্রী হয়ে।”
উপস্থিত সবাই একসঙ্গে বলে উঠল, “আমিন!”
“আরে মাহি, আমার কথাটা অন্তত শোনো!” চোখেমুখে গভীর উদ্বেগ নিয়ে শায়ান সকাল থেকেই মাহিনকে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু তার বাগদানের খবর শোনার পর থেকেই মাহিন ভীষণ চটে আছে। রাগ আর অভিমান দেখিয়ে সে শায়ানের সঙ্গে কথাই বলছে না।
মাহিন হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, “তোমার আর কোনো কথা শুনতে চাই না আমি! যাও, ওই গেঁয়ো, অশিক্ষিত মেয়েটাকে বিয়ে করো গিয়ে!”
পাশ দিয়ে যাওয়া কয়েকজন শিক্ষার্থী মাহিনের এমন উচ্চস্বরে কথা শুনে ঘুরে তাদের দিকে তাকাল। বিষয়টি দেখে শায়ানের কপালে বিরক্তির ভাঁজ পড়ল।
সে ধমকের সুরে বলল, “গলার স্বর নিচু করো। ভদ্রভাবে কথা বলতে শেখো। আমি যখন তোমাকে বলেই দিয়েছি, সবকিছু আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, তখন এত ভাব দেখানোর কী আছে?”
শায়ানের শরীরেও খানজাদাদের রক্ত বইছে। কোনো নারীর এমন চড়া গলার কথা সে কীভাবে সহ্য করবে!
রাগে তার মুখ লাল হয়ে উঠতে দেখে মাহিনও কিছুটা শান্ত হলো। শায়ান ইশারা করতেই সে তার পেছনে গিয়ে গাড়িতে উঠল।
ড্রাইভিং সিটে বসে শায়ান গাড়ি চালু করার আগে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকা মাহিনকে জিজ্ঞেস করল, “এবার বলো, আসল সমস্যা কী?”
মাহিন ঝট করে তার দিকে মুখ ফিরিয়ে ক্ষোভের সঙ্গে বলল, “তুমি! তুমিই আমার সমস্যা! তোমার এই জোর করে করা বিয়েটা আমার সমস্যা। আর সেই অশিক্ষিত, গেঁয়ো মেয়েটাও আমার সমস্যা, যে কোনো কারণ ছাড়াই আমাদের মাঝখানে ঢোকার চেষ্টা করছে!”
পর্ব: ১০
মাহিনের কথার তীব্রতা হজম করে শায়ান নিজেকে শান্ত রাখল।
