নিজের আদরের ভাগনিকে এই হাভেলির বউ করে আনতে পেরে খান বেগমের চেয়ে বেশি খুশি আর তৃপ্ত সম্ভবত কেউ ছিলেন না। দোয়া আর আশীর্বাদ দিয়ে তিনি সম্বলকে বিদায় জানালেন। পাশাপাশি সংসারজীবন নিয়ে কিছু জরুরি উপদেশও দিলেন। সম্বল খুব নীরবে সেসব শুনে গেল।
শায়ানের গাড়ির হর্ন শুনে সম্বলও হাভেলির চৌকাঠ পেরিয়ে বাইরে এল। সামনের আসনে শায়ানের পাশে বসে সে শহরের উদ্দেশে রওনা হলো।
গাড়ির ভেতর দুজনেই চুপচাপ। যেন কারও সঙ্গেই কারও কিছু বলার নেই। সম্বল একবার গাড়ি চালাতে থাকা শায়ানের দিকে তাকাল, তারপর মাথাটা জানালার কাচে ঠেকিয়ে দিল।
হোস্টেলের ছোট একক বিছানায় আধোঘুম, আধোজাগরণে পড়ে ছিল একজন। ঠিক সেই সময় মোবাইলের একটানা রিংটোন তার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাতে লাগল। শব্দটা যেন মাথার ভেতর হাতুড়ির মতো আঘাত করছিল।
কষ্ট করে সামান্য চোখ খুলে পাশের টেবিলের ওপর রাখা মোবাইলটি হাতে নিল সে। তারপর কোনো রকমে ফোনটা কানে ঠেকাল।
ঘুমাতে সে যেমন ওস্তাদ ছিল, ওপাশের মানুষটিও যেন ঠিক তেমনই পটু ছিল অন্যের ঘুমের বারোটা বাজাতে!
“হ্যালো!” আধোঘুমে ভারী হয়ে আসা কণ্ঠে বলল সে। চোখ দুটো সামান্য খুলে হাত দিয়ে ঘুমের রেশ মুছতে লাগল।
ওপাশের কথা শুনতেই তার ঘুম মুহূর্তে উবে গেল। আনন্দে প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল সে।
“কী বলছেন! সত্যি?”
মায়ের কাছ থেকে পাওয়া খবরটা এমন, যার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করে আছে।
“আহা আম্মু! আপনি সত্যিই বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ! ড্রাইভারকে পাঠিয়ে দেবেন। আমি কালই চলে আসব। আপনি বুঝতেই পারবেন না, আমি কতটা খুশি!”
এই পৃথিবীতে তার মনের সব কথা জানার মতো মানুষ যদি কেউ থেকে থাকেন, তবে তিনি তার মা।
“আচ্ছা! আপনি নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ!”
কথা শেষ করে মোবাইলটা পাশে ছুড়ে দিয়ে সে এক ঝটকায় বিছানায় গড়িয়ে পড়ল। তার বিশাল হ্রদের মতো চোখ দুটোতে তখন আনন্দের ঝিলিক।
দেখতে ছিল লাবণ্যময়ী, কোমল মুখশ্রীর অধিকারিণী এক তরুণী। তার লম্বা, সোজা চুলগুলো বিছানাজুড়ে ছড়িয়ে পড়েছিল। জানালা দিয়ে আসা রোদে তার ফর্সা গালে লালচে আভা ফুটে উঠেছিল। দুহাতে গাল চেপে বড় বড় গাঢ় বাদামি চোখ মেলে সে ছাদের দিকে তাকিয়ে রইল।
হঠাৎ কোনো এক ভাবনা মনে আসতেই সে চোখ বন্ধ করল। মুহূর্তেই তার কল্পনার পর্দায় ভেসে উঠল এক সুদর্শন যুবকের মুখ। স্ফটিকের মতো ধূসর চোখ দুটো কী ভীষণ আকর্ষণীয়! শৈশব থেকেই যার নামের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। এবার সত্যিই সে তার জীবনের অংশ হতে চলেছে। মানুষের প্রার্থনাও কি এভাবে কবুল হয়? নিজের ভাগ্যকে যেন বিশ্বাসই করতে পারছিল না সম্বল।
পর্ব: ৬
বিশ্ববিদ্যালয়ের শেষ ক্লাস শেষ হতেই মাহিন শায়ান খানজাদাকে খুঁজতে খুঁজতে ছুটে ক্যানটিনে চলে এল। তার ধারণাই ঠিক ছিল, লেকচার শেষ হলে শায়ান প্রায়ই যেখানে বসে সময় কাটায়, সেখানেই তাকে পাওয়া গেল।
